দিনহাটা, ১৯ আগস্ট:
গ্যাস সিলিন্ডার বিস্ফোরণকে কেন্দ্র করে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল দিনহাটা শহর সংলগ্ন সাহেবগঞ্জ রোড এলাকায়। বুধবার দুপুরের এই ঘটনায় একটি বাড়ির সমস্ত ঘর পুড়ে ছাই হয়ে যায়। তবে ঘটনায় কোনও হতাহতের খবর নেই।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার দুপুরে সাহেবগঞ্জ রোড সংলগ্ন এলাকায় রমা দাসের বাড়িতে একটি সামাজিক অনুষ্ঠানের জন্য রান্নার কাজ চলছিল। সেই সময় আচমকাই গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। মুহূর্তের মধ্যেই আগুন বাড়ির বিভিন্ন ঘরে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে দিনহাটা দমকল কেন্দ্র থেকে একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। বেশ কিছুক্ষণ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন দমকলকর্মীরা। তবে ততক্ষণে আগুনে বাড়ির সমস্ত ঘর পুড়ে ছাই হয়ে যায়।
কী কারণে গ্যাস সিলিন্ডারটি বিস্ফোরিত হল, তা খতিয়ে দেখা হচ্ছে।

