দিনহাটা, ১৪ মে
রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কে উদ্দেশ্য করে সামাজিক মাধ্যমে কুরুচিকর মন্তব্য ও হুমকি দেওয়ার অভিযোগে দুজনকে গ্রেফতার করলো দিনহাটা থানার পুলিশ। বুধবার রাতে দিনহাটা থানার পুলিশ সাংবাদিক বৈঠক করে গোটা বিষয়টি জানায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিধানসভা নির্বাচনের প্রথম দফা ভোটের পরেই দুই ব্যক্তি সামাজিক মাধ্যমে রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কে উদ্দেশ্য করে কুরুচিকর মন্তব্য এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে একটি ভিডিও তৈরি করে তা সামাজিক মাধ্যমে পোস্ট করে। এরপরেই দেখা যায় গত ৪ মে ওই যুবকদের পোস্ট করা ভিডিওটি নিয়ে আরো একটি ভিডিও বানিয়ে একটি চ্যানেলের পেজে আপলোড করা হয়। এরপরেই সেই ভিডিওটি সমাজ মাধ্যমে ভাইরাল হতেই পুলিশের নজরে আসে সেটি। এরপরেই অভিযোগের ভিত্তিতে দিনহাটা থানার পুলিশ একটি স্বতপ্রণোদিত মামলা রুজু করে । এরপর থেকেই তাদের বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির পর অবশেষে সফল পেল দিনহাটা থানার পুলিশ। ইতিমধ্যেই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গ্রেফতার হওয়া একজনের নাম মাজিনুর রহমান এবং অপরজনের নাম আলী হোসেন। দুজনের বাড়ি গিতালদহ এলাকায় বলে জানা গিয়েছে। এদিকে এই নিয়ে এদিন দিনহাটা থানায় সাংবাদিক বৈঠক করেন মহকুমা পুলিশ আধিকারিক প্রশান্ত দেবনাথ। তিনি সাংবাদিক বৈঠক করে জানান, অভিযোগ পাওয়ার পরেই পুলিশ তদন্তে নেমে দুজনকে গ্রেফতার করেছে। ধৃতদের বৃহস্পতিবার দিনহাটা মহকুমা আদালতে পেশ করা হবে।

