হাসিমারায় এশিয়ান হাইওয়েতে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ভুটানের বাস
আলিপুরদুয়ার, ২২ অগাস্ট:
হাসিমারা এলাকায় এশিয়ান হাইওয়ের উপর ভয়াবহ অগ্নিকাণ্ডে সম্পূর্ণ পুড়ে ভস্মীভূত হল ভুটানের একটি বাস। তবে ঘটনায় কোনও হতাহতের খবর নেই।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মেরামতের জন্য বাসটি ধূপগুড়ির দিকে যাচ্ছিল। হাসিমারা এলাকায় এশিয়ান হাইওয়ের উপর আচমকাই বাসটিতে আগুন ধরে যায়। প্রাথমিকভাবে শট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত বলে অনুমান করা হচ্ছে।
ঘটনার সময় বাসে কোনও যাত্রী ছিলেন না। শুধু চালক বাসে ছিলেন। আগুন দেখতে পেয়ে তিনি দ্রুত বাস থেকে নেমে যান। এরপর মুহূর্তের মধ্যেই আগুন গোটা বাসে ছড়িয়ে পড়ে। চোখের পলকে আগুনের লেলিহান শিখায় সম্পূর্ণ পুড়ে যায় বাসটি।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একটি ইঞ্জিন। দমকলকর্মীদের দীর্ঘ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনাকে কেন্দ্র করে এশিয়ান হাইওয়ে সংলগ্ন এলাকায় সাময়িক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

