মাথাভাঙ্গা ,২৪ আগস্ট`
শূন্যপদে দ্রুত কর্মী নিয়োগ, পৃথক পে কমিশন গঠন এবং সিভিল ও ক্রিমিনাল কোর্টের কর্মচারীদের ছুটির বৈষম্য দূর-সহ ১৮ দফা দাবিতে রাজ্যজুড়ে আন্দোলনে নেমেছেন আদালত কর্মচারীরা। সেই কর্মসূচির অংশ হিসেবে মাথাভাঙা মহকুমা আদালতের কর্মচারীরাও শুরু করেছেন দুই দিনের ধর্মঘট।
ধর্মঘটের প্রথম দিনেই আদালত চত্বরে জমায়েত হয়ে বিক্ষোভ দেখান কর্মচারীরা। তাঁদের অভিযোগ, দীর্ঘদিন ধরে আদালতে কর্মী সংকট চলছে। ফলে কাজের চাপ বাড়ছে এবং স্বাভাবিক পরিষেবা ব্যাহত হচ্ছে। অবিলম্বে শূন্যপদে স্থায়ী কর্মী নিয়োগ, পৃথক পে কমিশন এবং ছুটির বৈষম্য দূর করার দাবি জানান তাঁরা।
দুই দিনের ধর্মঘটের জেরে আদালতের নিয়মিত কাজে প্রভাব পড়ায় দূর-দূরান্ত থেকে আসা বিচারপ্রার্থীদেরও সমস্যায় পড়তে হচ্ছে। তবে কর্মচারীদের দাবি, দীর্ঘদিন ধরে তাঁদের ন্যায্য দাবিগুলি পূরণ না হওয়ায় আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন তাঁরা।

