জলপাইগুড়ি, ২৯ মে:
দুর্নীতির অভিযোগে জলপাইগুড়ি পুরসভায় স্মারকলিপি, একাধিক দাবিতে সরব ওয়ার্ড কমিটি। দুর্নীতির অভিযোগ তুলে শুক্রবার জলপাইগুড়ি পুরসভায় স্মারকলিপি জমা দিলেন ২৪ নম্বর ওয়ার্ড কমিটির সদস্যরা। এই কর্মসূচিতে নেতৃত্ব দেন সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলর অম্লান মুন্সী। এদিন পুরসভার এক্সিকিউটিভ অফিসারের কাছে বিভিন্ন দাবি তুলে ধরেন তারা এবং বিষয়টি নিয়ে দীর্ঘক্ষণ বৈঠকও হয়। বৈঠক শেষে কাউন্সিলর অম্লান মুন্সী অভিযোগ করেন, একাধিকবার ‘দুয়ারে সরকার’ কর্মসূচি অনুষ্ঠিত হলেও বহু প্রবীণ নাগরিক এখনো ভাতা থেকে বঞ্চিত রয়েছেন। পাশাপাশি তিনি দাবি করেন, অন্যান্য ওয়ার্ডে উন্নয়নের জন্য অর্থ বরাদ্দ করা হলেও ২৪ নম্বর ওয়ার্ড প্রাপ্য অর্থ থেকে বঞ্চিত হয়েছে। তিনি আরও জানান, গত সাড়ে চার বছরে ২৫টি ওয়ার্ডে বিভিন্ন উন্নয়নমূলক কাজে পুরসভার কত টাকা ব্যয় হয়েছে, তার একটি শ্বেতপত্র প্রকাশ করা হোক। ‘আমার পাড়া আমার সমাধান’ প্রকল্পের কাজ নিম্নমানের হয়েছে বলেও অভিযোগ তুলে এর তদন্তের দাবি জানান তিনি। এছাড়াও বর্ষার আগেই রাস্তার কাজ শেষ করা, সলিড ওয়েস্ট ব্যবস্থাপনার জন্য আগামী সোমবারের মধ্যে একটি ট্রলি ও তিনটি ব্যাটারি চালিত গাড়ি দেওয়ার দাবি তোলেন। তা না হলে এলাকার সমস্ত আবর্জনা পুরসভায় পৌঁছে দেওয়া হবে বলে জানান তিনি। আমরুত প্রকল্প নিয়েও একাধিক অভিযোগ তোলেন ওয়ার্ড কমিটির সদস্যরা।অন্যদিকে, এই সমস্ত অভিযোগ প্রসঙ্গে পুরসভার এক্সিকিউটিভ অফিসার দেবদুলাল পাত্র সংবাদমাধ্যমের কাছে কোনো প্রতিক্রিয়া দিতে চাননি।

