শিলিগুড়ি , ৪ আগস্ট
শিলিগুড়ির স্টেট গেস্ট হাউসে প্রশাসনিক বৈঠক থেকে পরিবহন ও শ্রম দপ্তরের একাধিক পরিকল্পনার কথা তুলে ধরলেন রাজ্যের পরিবহন ও শ্রমমন্ত্রী অর্জুন সিং। যানবাহনের নিরাপত্তা, পরিষেবার স্বচ্ছতা এবং শ্রমিকদের স্বাস্থ্য পরিষেবার উন্নয়নকে অগ্রাধিকার দেওয়ার বার্তা দেন তিনি।
মন্ত্রী জানান, রাজ্যের প্রতিটি জেলায় অত্যাধুনিক ফিটনেস টেস্টিং সেন্টার তৈরি করা হবে, যেখানে প্রযুক্তিনির্ভর ব্যবস্থায় যানবাহনের ফিটনেস পরীক্ষা করা হবে। নির্ধারিত সময় পেরিয়ে যাওয়া এবং ফিটনেস শংসাপত্রহীন যানবাহনের বিরুদ্ধে কঠোর অভিযান চালানো হবে। বিশেষ গুরুত্ব দেওয়া হবে স্কুলবাস ও পুলকারের নিরাপত্তা নিশ্চিত করার ওপর।
মহিলাদের জন্য চালু থাকা বিনামূল্যের বাস পরিষেবা অব্যাহত থাকবে বলেও জানান তিনি। একই সঙ্গে পরিষেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়াতে কেওয়াইসি-নির্ভর ডিজিটাল ‘পিঙ্ক কার্ড’ চালুর পরিকল্পনার কথা ঘোষণা করেন। পরিবহন ব্যবস্থায় রাজস্ব ফাঁকি, দালালচক্র এবং দুর্নীতির বিরুদ্ধে কড়া অবস্থান নেওয়ারও বার্তা দেন মন্ত্রী।
বৈঠকে শ্রমিক কল্যাণ প্রসঙ্গও উঠে আসে। উত্তরবঙ্গে ১৩টি ইএসআইসি হাসপাতালের পরিকাঠামো উন্নয়নের পাশাপাশি একটি ইএসআইসি মেডিকেল কলেজ গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান অর্জুন সিং।

