আলিপুরদুয়ার, ৪ জুন
পেট্রোল-ডিজেলের ব্যবহার কমানোর বার্তা নিয়ে কালচিনিতে বিশ্ব বাইসাইকেল দিবস পালন|
পরিবেশ রক্ষা এবং পেট্রোল-ডিজেলের ব্যবহার কমানোর বার্তা দিয়ে কালচিনিতে পালিত হল বিশ্ব বাইসাইকেল দিবস। এই উপলক্ষে বুধবার কালচিনি থানা ময়দান থেকে একটি বর্ণাঢ্য সাইকেল র্যালির আয়োজন করা হয়। র্যালিতে অংশগ্রহণকারীরা সাইকেল চালিয়ে বিভিন্ন এলাকা পরিক্রমা করেন। র্যালিটি কালচিনি থানা ময়দান থেকে যাত্রা শুরু করে হ্যামিলটনগঞ্জ এলাকায় গিয়ে শেষ হয়।
অনুষ্ঠানে পুলিশকর্মী, এলাকার যুবক-যুবতী, সমাজের বিভিন্ন স্তরের মানুষ এবং বিজেপি কর্মীদের উপস্থিতি লক্ষ্য করা যায়। অংশগ্রহণকারীরা সাইকেলের ব্যবহার বাড়ানোর মাধ্যমে জ্বালানি সাশ্রয় ও পরিবেশ দূষণ কমানোর বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, বর্তমান সময়ে বিশ্বজুড়ে পেট্রোল ও ডিজেলের চাহিদা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। এর ফলে ভবিষ্যতে জ্বালানির ঘাটতি দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি জীবাশ্ম জ্বালানির অতিরিক্ত ব্যবহারের কারণে পরিবেশের ওপরও নেতিবাচক প্রভাব পড়ছে। এই পরিস্থিতিতে সাইকেলকে দৈনন্দিন যাতায়াতের অন্যতম মাধ্যম হিসেবে গ্রহণ করার আহ্বান জানানো হয়।
বিজেপির আলিপুরদুয়ার জেলা সাধারণ সম্পাদক অলক মিত্র জানান, “সাইকেল শুধু জ্বালানি সাশ্রয়ই করে না, এটি শরীর সুস্থ রাখতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই পরিবেশবান্ধব ও স্বাস্থ্যকর জীবনযাত্রা গড়ে তুলতে সাইকেলের ব্যবহার বাড়ানো প্রয়োজন। “

