কোচবিহার , ১৮ জুলাই
কোচবিহারে তেরাপন্থ মহিলা মণ্ডলের উদ্যোগে ‘শ্রী উৎসব’, উদ্বোধন করলেন মন্ত্রী মালতি রাভা রায়
তেরাপন্থ মহিলা মণ্ডল, কোচবিহার শাখার উদ্যোগে জৈন মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো ‘শ্রী উৎসব’। মহিলাদের স্বনির্ভরতা ও ক্ষুদ্র উদ্যোগকে উৎসাহিত করার লক্ষ্যে আয়োজিত এই উৎসবের উদ্বোধন করেন রাজ্যের নারী, শিশু ও সমাজকল্যাণ দপ্তরের মন্ত্রী মালতি রাভা রায়। অনুষ্ঠানে তেরাপন্থ মহিলা মণ্ডলের সদস্য-সদস্যাসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উৎসব উপলক্ষে মারোয়ারি মহিলাদের হাতে তৈরি বিভিন্ন সামগ্রীর প্রদর্শনী ও বিক্রির আয়োজন করা হয়। শাড়ি, চুড়িদার, রাখি, খেলনা, গৃহস্থালির নানা সামগ্রী এবং বিভিন্ন ধরনের খাবারের স্টল দর্শনার্থীদের বিশেষভাবে আকর্ষণ করে। গোটা অনুষ্ঠানটি এক প্রাণবন্ত ক্ষুদ্র মেলার রূপ নেয়, যেখানে বিপুল সংখ্যক মানুষের সমাগম লক্ষ্য করা যায়।
আয়োজকদের বক্তব্য, এই উৎসবের মূল উদ্দেশ্য মহিলাদের সৃজনশীলতা ও উদ্যোক্তা মানসিকতাকে তুলে ধরা এবং তাঁদের আর্থিকভাবে স্বনির্ভর হতে উৎসাহিত করা। দিনভর জৈন মন্দির প্রাঙ্গণে ছিল উৎসবের আবহ, আর বিভিন্ন স্টলে ক্রেতাদের ভিড় উৎসবের আকর্ষণ আরও বাড়িয়ে তোলে।

