আলিপুরদুয়ার, ৬ জুন
দীর্ঘদিনের দাবি পূরণের পথে বড় পদক্ষেপ। সেন্ট্রাল ডুয়ার্সের বাসরা নদীতে স্থায়ী ও শক্তপোক্ত বাঁধ নির্মাণ করা হবে বলে জানালেন বিশাল লামা। শনিবার সেচ দফতরের আধিকারিক ও ইঞ্জিনিয়ারদের নিয়ে বাসরা নদী সংলগ্ন এলাকা পরিদর্শনে গিয়ে তিনি এই ঘোষণা করেন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই বাসরা নদীর ভাঙন সেন্ট্রাল ডুয়ার্স এলাকার মানুষের কাছে অন্যতম বড় সমস্যা। নদীভাঙনের জেরে ইতিমধ্যেই বহু মানুষের বাড়িঘর, চাষের জমি এবং সুপারি বাগান নদীগর্ভে তলিয়ে গিয়েছে। প্রতি বছর বর্ষা এলেই নতুন করে ভাঙনের আশঙ্কায় আতঙ্কে দিন কাটান এলাকার বাসিন্দারা। তাই দীর্ঘদিন ধরে বাসরা নদীতে স্থায়ী বাঁধ নির্মাণের দাবি জানিয়ে আসছিলেন তাঁরা।
এদিন এলাকার পরিস্থিতি খতিয়ে দেখতে সেচ দফতরের আধিকারিকদের সঙ্গে নিয়ে নদী সংলগ্ন বিভিন্ন এলাকা পরিদর্শন করেন মন্ত্রী বিশাল লামা। তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গেও কথা বলেন এবং তাঁদের সমস্যার কথা শোনেন।
মন্ত্রী জানান, বাসরা নদীর ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি বর্ষা শুরু হওয়ার আগেই জরুরি ভিত্তিতে নদী সংরক্ষণ ও প্রতিরক্ষামূলক কাজ (প্রোটেকশন ওয়ার্ক) শুরু করা হবে, যাতে নতুন করে কোনও বাড়িঘর বা কৃষিজমি নদীগর্ভে তলিয়ে না যায়।
তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে এলাকার মানুষ এই সমস্যার সমাধানের দাবি জানিয়ে আসছেন। এখন সেই সমস্যার স্থায়ী সমাধানে সরকার উদ্যোগী হয়েছে। দ্রুত প্রকল্পের প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে কাজ শুরু করার চেষ্টা করা হবে।
মন্ত্রীর এই ঘোষণায় খুশি সেন্ট্রাল ডুয়ার্সের বাসিন্দারা। তাঁদের আশা, দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটিয়ে বাসরা নদীর ভাঙন রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে এবং বর্ষাকালে আর আগের মতো আতঙ্কে দিন কাটাতে হবে না।

