শিলিগুড়ি, ৬ ফেব্রুয়ারী :
রাজ্য ও কেন্দ্র সরকারের বঞ্চনার অভিযোগ তুলে মুখ্যমন্ত্রীর উদ্দেশে খোলা চিঠি পাঠালেন মিড ডে মিল কর্মীরা। মোট ১৩ দফা দাবিতে এই খোলা চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছে সারা বাংলা মিড ডে মিল কর্মী ইউনিয়ন। রাজ্য সরকারের সাম্প্রতিক ভাতা বৃদ্ধিতে অসন্তোষ প্রকাশ করেই এদিন রাস্তায় নামেন কর্মীরা।
শুক্রবার সারা বাংলা মিড ডে মিল কর্মী ইউনিয়নের উদ্যোগে শিলিগুড়িতে একটি বিক্ষোভ মিছিল সংগঠিত হয়। বাঘাযতীন পার্ক থেকে শুরু হওয়া এই মিছিল শহরের গুরুত্বপূর্ণ পথ অতিক্রম করে ভেনাস মোড় পর্যন্ত পৌঁছায়। সেখানে প্রতীকীভাবে মুখ্যমন্ত্রীর উদ্দেশে লেখা খোলা চিঠির প্রতিলিপি পাঠ করা হয়।
বিক্ষোভকারীদের দাবি, রাজ্য সরকারের ঘোষিত ভাতা বৃদ্ধি বর্তমান পরিস্থিতিতে একেবারেই পর্যাপ্ত নয়। দীর্ঘদিন ধরে সীমিত পারিশ্রমিকে কাজ করেও মিড ডে মিল কর্মীরা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ। সেই কারণেই আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
এই প্রসঙ্গে সারা বাংলা মিড ডে মিল কর্মী ইউনিয়নের সদস্য সভা কাঞ্জি বলেন, “রাজ্য ও কেন্দ্র—দুই সরকারই আমাদের সঙ্গে বঞ্চনা করছে। অবিলম্বে দাবি পূরণ না হলে আমরা আরও জোরালো আন্দোলনে নামতে বাধ্য হব।” তাঁর কথায় স্পষ্ট, কর্মীদের ধৈর্য আর ধরে রাখার জায়গায় নেই।
ইউনিয়ন সূত্রে জানা গিয়েছে, ১৩ দফা দাবির মধ্যে অন্যতম হল—মিড ডে মিল কর্মীদের জন্য বারো মাসের বেতন নিশ্চিত করা, মাসিক ন্যূনতম ১৫ হাজার টাকা ভাতা প্রদান, মাতৃকালীন ছুটির ব্যবস্থা চালু করা, ছাত্রদের জন্য বরাদ্দ বৃদ্ধি এবং মিড ডে মিল কর্মীদের কাজে আইনি স্বীকৃতি দেওয়া। এসব দাবিকে সামনে রেখেই রাজ্যজুড়ে আন্দোলন আরও তীব্র করার প্রস্তুতি নিচ্ছেন মিড ডে মিল কর্মীরা।

