জলপাইগুড়ি, ২৯ মে:
রোগী পরিষেবার কোনও খামতি করা যাবে না, শুক্রবার জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ ও হাসপাতালের রোগী কল্যাণ সমিতি বৈঠক থেকে বের হয়ে একথা জানালেন জলপাইগুড়ি বিধায়ক অনন্তদেব অধিকারী। বৃহস্পতিবার আচমকাই সদর হাসপাতাল ও মাদার অ্যান্ড চাইল্ড হাব পরিদর্শন করেন বিধায়ক৷ একাধিক খামতি নজরে আসে বিধায়কের, এই নিয়ে ক্ষোভ উগড়ে দেন তিনি। এ দিন হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে বসেন বিধায়ক। বৈঠকে রোগী কল্যাণ সমিতি সদস্যরা উপস্থিত ছিলেন। রোগীদের খাবারের মান ভাল করার জন্য বরাত পাওয়া ঠিকাদার সংস্থাকে ডেকে সর্তক করা হয়েছে। কথায় কথায় রোগীদের উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করার প্রবণতা বন্ধ করতে বলা হয়। এছাড়া একাধিক চিকিৎসক সপ্তাহে এক দুদিন হাসপাতালে রোগী দেখে জলপাইগুড়ি ছাড়েন। এই ধরণের চিকিৎসকদের চিহ্নিত করে এই প্রথা বন্ধ করতে হবে জানালেন বিধায়ক। দ্রুত রোগী পরিষেবার খামতি পূরণ না হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দিলেন বিধায়ক।

