ডুয়ার্স, ১০ জুন
বুধবার বিকেলে আচমকা স্বাস্থ্য কেন্দ্র পরিদর্শনে বিধায়ক।
পরিদর্শনের পর স্বাস্থ্য কেন্দ্রটির উন্নয়নের চেষ্টা করা হবে বলে জানালেন তিনি।ডুয়ার্সের নাগরাকাটা বিধানসভা কেন্দ্রের টানা দ্বিতীয়বারের বিধায়ক পুনা ভেংড়া। আর এদিন তিনি আচমকা মেটেলি বাজারের ইনডং প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র পরিদর্শনে যান। পরিদর্শনের পর স্বাস্থ্য কেন্দ্রটিতে ১০ বেডের করা সহ স্থায়ী চিকিৎসক নিয়োগ এবং পরিকাঠামোর উন্নয়নের চেষ্টা করা হবে বলে জানান তিনি। এদিন তিনি স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে কথা বলেন চিকিৎসক এবং স্বাস্থ্য কেন্দ্রে আসা রোগীদের সাথেও। জানা যায় বর্তমানে এই স্বাস্থ্য কেন্দ্রে সপ্তাহে ৩ দিন একজন চিকিৎসক বহির্বিভাগে রোগী দেখেন। আর স্বাভাবিকভাবেই বাকি দিনগুলোতে চিকিৎসক না থাকায় সমস্যায় পড়তে হয় স্বাস্থ্য কেন্দ্রে আসা রোগীদের।
পাশাপাশি দীর্ঘদিন ধরেই এই স্বাস্থ্যকেন্দ্রটি বেহাল অবস্থায় পড়ে রয়েছে। নেই স্থায়ী চিকিৎসক। ফলে মেটেলি বাজার সহ সংলগ্ন ৯ টি চা বাগানের বাসিন্দাদের চিকিৎসা পরিষেবার জন্য যেতে হয় দূরবর্তী চালসার মঙ্গলবাড়ী গ্রামীণ হাসপাতাল নয়তো মাল সুপার স্পেশালিটি হাসপাতালে। ফলে স্বাস্থ্য পরিষেবা নিতে সমস্যায় পড়তে হয় বাসিন্দাদের। এই স্বাস্থ্যকেন্দ্রে স্থায়ী চিকিৎসক নিয়োগ সহ পরিকাঠামো উন্নয়নের দাবিতে এর আগে বহু আন্দোলন করেছিল বিজেপি সহ স্থানীয়রা। এর আগে বিধানসভায়ও এই বিষয়টি তুলে ধরেছিলেন তদানীন্তন বিধায়ক পুনা ভেংরা। এবার রাজ্যে পালা বদল হয়েছে। তাই এবার হয়তো এই স্বাস্থ্য কেন্দ্রের পরিকাঠামোর উন্নয়ন সহ স্থায়ী চিকিৎসক নিয়োগ করা হবে এই আশায় রয়েছেন মেটেলি বাজার সহ সংলগ্ন চা বাগান এলাকার বাসিন্দারা।

