মাথাভাঙ্গা, ৩ এপ্রিল :
সেলুন চালানোর পাশাপাশি ঋণ নিয়ে করেছিলেন আলু চাষ। অকাল বৃষ্টিতে নষ্ট হয়ে যায় চাষ করা সমস্ত আলু। কি করে মেটাবেন ঋণ করা টাকা, সেই চিন্তাতেই গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী মাথাভাঙ্গার এক চাষী। আত্মঘাতী হওয়া চাষীর নাম কৈলাস শীল শর্মা, তার বাড়ি মাথাভাঙ্গা ১ নং ব্লকের হাজরাহাট ২ নং গ্রাম পঞ্চায়েতের উত্তর ভাঙ্গামোর এলাকায়।
মৃতের কাকা হরেশ্বর শীল শর্মা জানান প্রতিদিনের মতো আজ সকালেও তিনি হাঁটতে বের হন। কিন্তু তখনই নজরে আসে বাড়ির পাশে থাকা সোলার পাম্পে ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়েছে তার ভাইপো কৈলাশ।ঋণ করে প্রায় আড়াই বিঘা জমি আলু চাষ করেছিলেন,অকাল বৃষ্টিতে নষ্ট হয়ে যায় আলু তাই মানসিক অবসাদে আত্মঘাতী হন বলেও জানান তিনি।
এদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মাথাভাঙ্গা থানার পুলিশও।পরে পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে আসে।

