শিলিগুড়ি, ২৪ মে:
সাধারণ মানুষের অভাব-অভিযোগের কথা সরাসরি শুনতে বাঘাযতীন পার্কে “সরাসরি শঙ্কর” কর্মসূচির আয়োজন করলেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। শনিবার অনুষ্ঠিত এই কর্মসূচিতে কয়েকশো মানুষ উপস্থিত হয়ে নিজেদের বিভিন্ন সমস্যার কথা বিধায়কের সামনে তুলে ধরেন।
এদিন অভিযোগকারীদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক ছিলেন ২০১৬ সালের নিয়োগ দুর্নীতির শিকার চাকরিপ্রার্থীরা। তাঁরা নিজেদের দাবি-দাওয়া ও সমস্যার কথা বিধায়কের কাছে জানান। পাশাপাশি জমি সংক্রান্ত একাধিক অভিযোগও শোনেন শঙ্কর ঘোষ। শুধু শিলিগুড়ি নয়, ভিন জেলা থেকেও বহু মানুষ এই কর্মসূচিতে অংশ নিতে আসেন।
বিধায়ক শঙ্কর ঘোষ জানান, মানুষের কাছ থেকে পাওয়া অভিযোগগুলি সংশ্লিষ্ট দপ্তরের কাছে তুলে ধরা হবে এবং সমস্যা সমাধানের চেষ্টা করা হবে। ভবিষ্যতেও সময় ও সুযোগ অনুযায়ী এই ধরনের কর্মসূচি চালিয়ে যাওয়ার কথাও জানান তিনি।

