শিলিগুড়ি, ৭ এপ্রিল :
রাজনৈতিক সমীকরণে ফের বড়সড় পরিবর্তন ফাঁসিদেওয়া ব্লকে। তৃণমূল কংগ্রেস ছেড়ে কংগ্রেসে যোগদান করলেন এলাকার পরিচিত মুখ মোহাম্মদ জব্বার। একসময় কংগ্রেসের হয়ে দু’বার প্রধান এবং পঞ্চায়েত সদস্য হিসেবে দায়িত্ব সামলানো জব্বারের এই প্রত্যাবর্তন ঘিরে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। এদিন দার্জিলিং জেলা কংগ্রেসের সভাপতি সুবিন ভৌমিকের নেতৃত্বে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে কংগ্রেসে যোগ দেন তিনি। উপস্থিত ছিলেন জেলা কংগ্রেসের দুই কার্যকরী সভাপতি, ফাঁসিদেওয়া ব্লক কংগ্রেস সভাপতি শ্যামল মন্ডল এবং দলের প্রার্থী নবনীতা তির্কি। দলীয় পতাকা তুলে দিয়ে জব্বারকে স্বাগত জানান নেতৃত্বরা। স্থানীয় সূত্রে জানা যায়, জালাসনিজামতারা সহ একাধিক অঞ্চলে মোহাম্মদ জব্বারের যথেষ্ট প্রভাব রয়েছে। তাঁর এই যোগদানে ফাঁসিদেওয়া ব্লকে কংগ্রেসের সংগঠন আরও শক্তিশালী হবে বলেই মনে করছে রাজনৈতিক মহল। এদিন সুবিন ভৌমিক সাংবাদিকদের মুখোমুখি হয়ে দাবি করেন, আগামী দিনে তৃণমূল ছেড়ে আরও বহু মানুষ কংগ্রেসে যোগ দেবেন। অন্যদিকে, নিজের দলবদলের কারণ ব্যাখ্যা করতে গিয়ে মোহাম্মদ জব্বার বলেন, “পুরনো দলে ফিরে সত্যিই ভালো লাগছে।” তিনি জানান, একটি হাইস্কুল প্রতিষ্ঠার দাবিতে একসময় কংগ্রেস ছেড়েছিলেন। নিজের জমিতে স্কুল গড়ার স্বপ্ন থাকলেও সেই সময়ে প্রয়োজনীয় সহযোগিতা না পাওয়ায় তিনি তৃণমূলে যোগ দেন ২০১১ সালে। তবে দীর্ঘদিন পেরিয়ে গেলেও সেই স্কুল আর গড়ে ওঠেনি। জব্বারের অভিযোগ, মিথ্যে আশ্বাস দিয়ে তাঁকে দলে টানা হয়েছিল। সেই অভিজ্ঞতা থেকেই তিনি আবার পুরনো দলে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন। তাঁর কথায়, “কংগ্রেস এখন নতুন করে সংগঠিত হচ্ছে। তাই মনে হয়েছে পুরনো দলে ফেরাই সঠিক সিদ্ধান্ত।”

