জলপাইগুড়ি, ১২ মে
চলন্ত ট্রাক থেকে রাসায়নিকজাতীয় কোনো অজ্ঞাত পদার্থ পড়ে যাওয়ায় জাতীয় সড়কে পরপর কয়েকটি বাইক দুর্ঘটনার মুখে পড়ল।সোমবার রাতে জলপাইগুড়ির পাহাড়পুর মোড়ের জাতীয় সড়কে এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। স্থানীয় সূত্রে জানা যায়, একটি চলন্ত ট্রাক থেকে হঠাৎই রাস্তার ওপর কোনো পিচ্ছিল রাসায়নিক পদার্থ পড়ে যায়। এর ফলে ওই অংশ দিয়ে যাওয়ার সময় একাধিক বাইক নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায় এবং দুর্ঘটনা ঘটে। ঘটনার পরপরই ডিউটিরত ট্রাফিক পুলিশ দ্রুত পরিস্থিতি সামাল দিতে উদ্যোগী হয়। সঙ্গে সঙ্গেই দমকল বিভাগকে খবর দেওয়া হয়। অল্প সময়ের মধ্যেই দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে রাস্তা ধুয়ে পরিষ্কার করার কাজ শুরু করে।
স্থানীয় বাসিন্দা রাজা সরকার জানান, “চলন্ত ট্রাক থেকে কিছু কেমিক্যালজাতীয় পদার্থ রাস্তায় পড়ে যায়। সেই কারণে রাস্তা পিচ্ছিল হয়ে পড়ে এবং একাধিক বাইক পিছলে দুর্ঘটনার সম্মুখীন হয়।” দমকল কর্মীদের তরফে জানানো হয়েছে, ঠিক কী ধরনের পদার্থ পড়েছিল তা এখনও স্পষ্ট নয়। তবে দ্রুত রাস্তা ধুয়ে স্বাভাবিক যান চলাচলের উপযোগী করে তোলা হয়েছে। ঘটনায় আতঙ্ক ছড়ালেও তৎপরতার সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

