কোচবিহার, ১৫ সেপ্টেম্বর:
একটি চার চাকার গাড়ির ভেতর থেকে সুকৌশলে গরু পাচারের চেষ্টার অভিযোগ ঘিরে মঙ্গলবার সন্ধ্যায় চরম চাঞ্চল্য ছড়াল কোচবিহার শহর সংলগ্ন খাগড়াবাড়ি এলাকায়। স্থানীয়দের তীব্র ক্ষোভ ও প্রতিবাদের মুখে পড়ে শেষপর্যন্ত গাড়ি রেখেই চম্পট দেয় চালক। ঠিক কী উদ্দেশ্যে এই গাড়ি করে গরুগুলি নিয়ে যাওয়া হচ্ছিল, তা নিয়ে শুরু হয়েছে জোরদার তদন্ত।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সন্ধ্যায় খাগড়াবাড়ি এলাকায় একটি চার চাকার গাড়িকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখেন স্থানীয় বাসিন্দারা। এরপর গাড়ির ভেতর উঁকি দিতেই তাঁদের চোখ কপালে ওঠে—দেখা যায় গাড়ির ভেতরে ঠাসা রয়েছে বেশ কয়েকটি গরু। সঙ্গে সঙ্গে ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী এবং গাড়িটি ঘিরে ধরে আটাক করেন। পরিস্থিতি বেগতিক বুঝে স্থানীয়দের চোখে ধুলো দিয়ে কৌশলে সেখান থেকে পালিয়ে যায় গাড়ির চালক।
ঘটনার জেরে এলাকায় তীব্র উত্তেজনা তৈরি হলে পুন্ডিবাড়ি থানায় খবর দেওয়া হয়। খবর পাওয়া মাত্রই পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ গাড়িটি থেকে গরুগুলিকে নিরাপদে উদ্ধার করার পাশাপাশি চার চাকার গাড়িটিকেও বাজেয়াপ্ত করেছে। গাড়িটি কোথা থেকে আসছিল এবং এর নেপথ্যে কোন বড় পাচার চক্র জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখতে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুন্ডিবাড়ি থানার পুলিশ।

