ভেটাগুড়ি, ৯ মে
রাজ্যের প্রথম বিজেপি সরকারের মন্ত্রীসভায় স্থান পেলেন নিশীথ প্রামাণিক। কোচবিহার জেলার মাথাভাঙ্গা কেন্দ্র থেকে জয়ী হয়ে তিনি এবার রাজ্যের মন্ত্রীসভায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন। শনিবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ড-এ শপথ গ্রহণ অনুষ্ঠান শেষ হতেই তাঁর জন্মভিটে ভেটাগুড়ি-তে শুরু হয় উচ্ছ্বাস ও আনন্দ উদযাপন।
নিজের এলাকার ছেলেকে রাজ্যের মন্ত্রী হিসেবে শপথ নিতে দেখে আনন্দে আত্মহারা হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। নিশীথ প্রামাণিকের বাড়ির সামনে জড়ো হন বহু মানুষ। কেউ আবির খেলে আনন্দ প্রকাশ করেন। গোটা এলাকা যেন উৎসবের আবহে মেতে ওঠে।প্রতিবেশীদের একাংশ জানান, ছোটবেলা থেকেই নিশীথ প্রামাণিক এলাকার মানুষের সঙ্গে মিশে থেকেছেন। সাধারণ মানুষের সমস্যা ও এলাকার উন্নয়নের বিষয়ে তিনি সবসময়ই সচেতন ছিলেন। তাই তাঁর এই সাফল্যে ভেটাগুড়ির মানুষ নিজেদের গর্বিত বলে মনে করছেন। অনেকের কথায়, “ভেটাগুড়ির ছেলে আজ রাজ্যের মন্ত্রীসভায় জায়গা পেয়েছে, এটা আমাদের কাছেও বড় সম্মানের।”
স্থানীয় বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যেও এদিন ছিল আলাদা উচ্ছ্বাস। তাঁদের দাবি, নিশীথ প্রামাণিকের মন্ত্রী হওয়ায় কোচবিহার জেলার উন্নয়নের নতুন সম্ভাবনা তৈরি হবে। বিশেষ করে মাথাভাঙ্গা ও আশপাশের এলাকার পরিকাঠামো, যোগাযোগ ব্যবস্থা ও কর্মসংস্থানের উন্নয়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন বলেই আশা প্রকাশ করেছেন সকলে।
সব মিলিয়ে, রাজ্যের নতুন সরকারের শপথ গ্রহণের দিন ভেটাগুড়িতে আনন্দ, আবেগ ও গর্বের এক বিশেষ মুহূর্তের সাক্ষী থাকলেন স্থানীয় বাসিন্দারা।

