জলপাইগুড়ি, ২৭ অক্টোবর
বয়সের ভারে দৈনন্দিন চলাফেরায় অনেক সময় নানা সমস্যার মুখে পড়তে হয় প্রবীণ নাগরিকদের। তাঁদের সেই সমস্যা কিছুটা সহজ করতেই এবার উদ্যোগী হল জলপাইগুড়ি ওয়েলফেয়ার অর্গানাইজেশন। প্রবীণদের বিনামূল্যে বিভিন্ন সহায়ক সরঞ্জাম তুলে দেওয়ার লক্ষ্যে মঙ্গলবার শহরের ক্লাব রোডে সংগঠনের কার্যালয়ে আয়োজন করা হয় বিশেষ চিহ্নিতকরণ শিবির।
ভারত সরকারের সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রক এবং ভারতীয় কৃত্রিম অঙ্গ নির্মাণ নিগমের (ALIMCO) উদ্যোগে, তাচাল ফাউন্ডেশনের সহযোগিতায় এই শিবিরের আয়োজন করা হয়। শিবিরের মাধ্যমে প্রয়োজনীয় সহায়ক সরঞ্জাম পাওয়ার উপযুক্ত উপভোক্তাদের চিহ্নিত করা হচ্ছে।
উদ্যোক্তাদের তরফে জানানো হয়েছে, হুইলচেয়ার, ওয়াকার, ক্রাচ, শ্রবণযন্ত্র এবং ট্রাইসাইকেল-সহ বিভিন্ন ধরনের সহায়ক সরঞ্জাম বিনামূল্যে উপযুক্ত উপভোক্তাদের হাতে তুলে দেওয়া হবে। মঙ্গলবারের শিবির থেকে প্রায় ২৫০ থেকে ৩০০ জন উপভোক্তাকে চিহ্নিত করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।
সকাল থেকেই শিবিরে ভিড় দেখা যায়। জলপাইগুড়ি জেলার বিভিন্ন প্রান্ত থেকে বহু প্রবীণ নাগরিক সেখানে এসে চিহ্নিতকরণ প্রক্রিয়ায় অংশ নেন। শিবিরে অংশগ্রহণের জন্য আধার কার্ডের প্রতিলিপি, মাসিক ১৫ হাজার টাকার কম আয়ের প্রমাণপত্র এবং পাসপোর্ট মাপের ছবি জমা দিতে হচ্ছে।
প্রয়োজন অনুযায়ী উপযুক্ত সহায়ক সরঞ্জাম সরবরাহ করে প্রবীণ নাগরিকদের চলাফেরার অসুবিধা কমানো এবং তাঁদের দৈনন্দিন জীবনযাত্রাকে আরও স্বাভাবিক ও সহজ করে তোলাই এই উদ্যোগের মূল লক্ষ্য।
উদ্যোক্তারা জানিয়েছেন, চিহ্নিতকরণ ও অন্যান্য প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর আগামী নভেম্বর মাসে নির্বাচিত উপভোক্তাদের হাতে বিনামূল্যে সহায়ক সরঞ্জাম তুলে দেওয়া হবে।

