কোচবিহার, ৬ এপ্রিল :
ভোটের আবহে ফের উত্তপ্ত উত্তরবঙ্গ। কোচবিহারে এবার তৃণমূল জেলা নেত্রীর বাড়িতে মধ্যরাতে বিস্ফোরণের অভিযোগকে কেন্দ্র করে তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা।গতকাল রাতে কোচবিহারের মহিলা তৃণমূল জেলা নেত্রী সুচিস্মিতা দেব শর্মার বাড়িতে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। তৃণমূল নেত্রীর অভিযোগ, গতকাল কোচবিহারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনসভা শেষ হওয়ার পর থেকেই এলাকায় সন্ত্রাসের রাজত্ব শুরু করেছে বিজেপি ক্যাডাররা। তাঁর দাবি, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবেই গভীর রাতে তাঁর বাড়ি লক্ষ্য করে বোমা ছোঁড়া হয়েছে।যদিও এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে গেরুয়া শিবির। জেলা বিজেপি নেত্রী দীপা চক্রবর্তী পাল্টা অভিযোগে জানিয়েছেন।বিজেপি কোনোভাবেই সন্ত্রাসের রাজনীতিতে বিশ্বাস করে না।প্রধানমন্ত্রীর জনসভায় উপচে পড়া ভিড় দেখে তৃণমূল কংগ্রেস আতঙ্কিত হয়ে পড়েছে।মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ঢাকতেই তৃণমূল এই ধরণের ‘মিথ্যা’ নাটক করছে।বিজেপি নেত্রীর দাবি, সুস্মিতা দেব শর্মার এলাকার বিজেপি কর্মীরা প্রধানমন্ত্রীর সভায় যোগ দেওয়ায়, মধ্যরাতে ঘুগুমারি এলাকায় একাধিক বিজেপি কর্মীর বাড়িতে ভাঙচুর চালিয়েছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা।তৃণমূল নেত্রীর করা বিস্ফোরণের অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়ে বিজেপি নেত্রী দাবি করেছেন, পরাজয় নিশ্চিত জেনে এলাকা অশান্ত করার চেষ্টা করছে শাসকদলই।

