জলপাইগুড়ি, ৫ জানুয়ারী :
রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনায় যজ্ঞ অনুষ্ঠান ও মন্দিরে পুজো দিলেন তৃণমূল যুব কংগ্রেসের কর্মী সমর্থকরা। উল্লেখ্য ৫ ই জানুয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন। আর মুখ্যমন্ত্রীর জন্মদিন উপলক্ষে এদিন উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী জটিলেশ্বর মন্দিরে জলপাইগুড়ি জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি রামমোহন রায়ের নেতৃত্বে জড়ো হন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। সেখানে মুখ্যমন্ত্রীর সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় যজ্ঞ অনুষ্ঠান ও পুজো দেওয়া হয়। পাশাপাশি এদিন যে সমস্ত গর্ভবতী মায়েদের রক্তের প্রয়োজন হবে তাদের রক্ত দেওয়ার জন্য জলপাইগুড়ি ব্লাড ব্যাঙ্কে হাজির হন তৃণমূল যুব কংগ্রেসের কর্মী সমর্থকরা। সেইসাথে জেলার ১৬ টি সাংগঠনিক ব্লকের বিভিন্ন জায়গাতেও মুখ্যমন্ত্রীর সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় পুজো দেওয়া হচ্ছে বলে জানান জেলা তৃণমূল যুব কংগ্রেস সভাপতি রামমোহন রায়। সেদিন পূজো দেওয়ার পর তিনি বলেন,” বিরোধীদল বিজেপি ক্রমশ রাজ্যকে অশান্ত করার চেষ্টা করছে। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাকে সুন্দর ভাবে আগলে রেখেছেন। তাই মুখ্যমন্ত্রীর জন্মদিনে তার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় যজ্ঞ ও পুজো দেওয়া হচ্ছে। কেননা মুখ্যমন্ত্রী আমাদের কাছে আদর্শ ও অনুপ্রেরণা।”

