কোচবিহার , ১৩ জুলাই
কোচবিহার জেলায় সোমবার থেকে শুরু হল কেন্দ্র সরকারের ‘পিএম সূর্যঘর: মুফত বিজলি যোজনা’-র জনসচেতনতা কর্মসূচি। ডাব্লুবিএসইডিসিএল-এর উদ্যোগে আয়োজিত এই বিশেষ কর্মসূচির উদ্বোধন ও পতাকা উত্তোলন করেন কোচবিহারের জেলা শাসক।
এই কর্মসূচির মূল লক্ষ্য গার্হস্থ্য বিদ্যুৎ গ্রাহকদের ছাদে সৌরবিদ্যুৎ (রুফটপ সোলার) স্থাপনের সুবিধা, সরকারি ভর্তুকি এবং আবেদন প্রক্রিয়া সম্পর্কে সচেতন করে তোলা। প্রকল্পের আওতায় নির্ধারিত নিয়ম অনুযায়ী গ্রাহকরা সরকারি ভর্তুকির সুবিধা পাবেন। পাশাপাশি, বিভিন্ন ব্যাংকের মাধ্যমে স্বল্প সুদে ঋণের সুবিধাও রয়েছে, যাতে সাধারণ মানুষ সহজেই সোলার প্যানেল স্থাপন করতে পারেন।
সংশ্লিষ্ট আধিকারিকদের বক্তব্য, রুফটপ সোলার ব্যবহারের ফলে বিদ্যুৎ বিল উল্লেখযোগ্যভাবে কমবে, পাশাপাশি নবায়নযোগ্য ও পরিবেশবান্ধব শক্তির ব্যবহারও বৃদ্ধি পাবে। জেলা জুড়ে পর্যায়ক্রমে এই জনসচেতনতা কর্মসূচি পরিচালিত হবে বলে জানানো হয়েছে।

