ডুয়ার্স, ১২ ফেব্রুয়ারী :
উচ্চ মাধ্যমিকের পরীক্ষার প্রথম দিনে ত্রাতার ভূমিকায় দেখা গেল পুলিশকে। এদিন ডুয়ার্সের মাটিয়ালি ব্লকের পূর্ব বাতাবারি সি এম উচ্চ বিদ্যালয় ও চালসা গয়ানাথ বিদ্যাপীঠের দুই পরীক্ষার্থী বাড়িতে এডমিট কার্ড রেখে পরীক্ষা কেন্দ্রে গিয়েছিল। বিষয়টি জানার পরে কর্তব্যরত পুলিশ কর্মীরা তাদেরকে গাড়িতে তুলে ফের পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেয়। উল্লেখ্য এদিন থেকে শুরু হলো উচ্চমাধ্যমিক পরীক্ষা। আর এদিন চালসা গয়ানাথ বিদ্যাপীঠের এক পরীক্ষার্থী ভুল করে এডমিট কার্ড বাড়িতে রেখে চলে আসে পূর্ব বাতাবারি সি এম উচ্চ বিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্রে। বিষয়টি জানার পরেই কর্তব্যরত মেটেলি থানার এএসআই দীপক রায় পরীক্ষার্থীকে নিজের গাড়িতে তুলে চালসায় তার বাড়িতে নিয়ে গিয়ে অ্যাডমিড কার্ড সহ আবার পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেয়। অন্যদিকে পূর্ব বাতাবারি সিএম উচ্চ বিদ্যালয়ের আরেক পরীক্ষার্থী বাড়িতে এডমিট কার্ড রেখে চালসা গয়ানাথ বিদ্যাপীঠে যায় পরীক্ষা দিতে। বিষয়টি পরীক্ষার্থী তার বাড়িতে ফোন করে তার মাকে জানায়। বিষয়টি জানার পর মেটেলি থানার এএসআই শঙ্কর বর্মন পরীক্ষার্থীর মাকে বাতাবারি ফার্ম বাজার থেকে পুলিশের গাড়িতে করে নিয়ে আসে চালসা গয়ানাথ বিদ্যাপীঠে। পরীক্ষা শুরুর পরে ওই পরীক্ষার্থীকে এডমিট কার্ড পৌঁছে দেওয়া হয়। উচ্চ মাধ্যমিকের প্রথম দিনের মেটেলি থানার পুলিশের এই মানবিক ভূমিকার প্রশংসা করেছে বিভিন্ন মহল।

