শিলিগুড়ি, ২০ ফেব্রুয়ারি :
শিলিগুড়ি মহানগর এলাকায় দলীয় ফ্লেক্স ছেঁড়াকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল রাজনৈতিক পরিস্থিতি। শুক্রবার এই ঘটনায় সরব হয়ে তৃণমূল যুব কংগ্রেস-এর পক্ষ থেকে শিলিগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। দলীয় নেতৃত্বের দাবি, পরিকল্পিতভাবে তাদের ফ্লেক্স ছিঁড়ে রাজনৈতিক উস্কানি দেওয়ার চেষ্টা হয়েছে।
এদিন থানায় একটি এফআইআর কপিও জমা দেন সংগঠনের প্রতিনিধিরা। অভিযোগে জানানো হয়েছে, শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় লাগানো দলীয় ফ্লেক্স নষ্ট করা হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি তোলেন তারা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল যুব কংগ্রেসের জেলা সভাপতি জয়ব্রত মুখোপাধ্যায় বলেন, “আমরা এই ঘটনার শেষ দেখে ছাড়ব। গণতান্ত্রিক পরিবেশ নষ্ট করার যে চেষ্টা চলছে, তার বিরুদ্ধে আইনি ও রাজনৈতিক—দুইভাবেই লড়াই চলবে।” তিনি জানান, প্রশাসনের কাছে নিরপেক্ষ তদন্তের আবেদন জানানো হয়েছে। এদিকে, সম্প্রতি দার্জিলিংয়ের সাংসদ রাজু বিষ্ঠার একটি মন্তব্য নিয়েও তীব্র প্রতিক্রিয়া জানায় তৃণমূল যুব কংগ্রেস। সাংসদের ‘গুন্ডা’ মন্তব্যের কড়া নিন্দা করে জেলা সভাপতি বলেন, “যারা আমাদের গুন্ডা বলছে, তারাই নিজেদের আচরণে প্রমাণ করছে কারা প্রকৃতপক্ষে অরাজকতা ছড়াচ্ছে।” ঘটনাকে কেন্দ্র করে শিলিগুড়ির রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, অভিযোগের ভিত্তিতে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। পরিস্থিতি যাতে অশান্ত না হয়, সেদিকেও নজর রাখা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।

