ডুয়ার্স, ২৭ মার্চ :
রাম নবমী উপলক্ষে সৌজন্যের রাজনীতি দেখা গেল ডুয়ার্সে। এদিন ডুয়ার্সের নাগরাকাটায় রাম নবমী উৎসব কমিটির পক্ষ থেকে একটি বিশাল রেলি বের করা হয়। আর সেই রেলিতে অংশ নেওয়া মানুষদের হাতে পানীয় জলের বোতল তুলে দিচ্ছিলেন নাগরাকাটা পঞ্চায়েত সমিতির সভাপতি তথা নাগারাকাটা বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সঞ্জয় কুজুর। সে সময় রেলিতে হাঁটতে দেখা যায় বিজেপি বিধায়ক তথা নাগরাকাটা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী পুনা ভেংরাকে। সে সময় যুযুধান দুই রাজনৈতিক দলের প্রার্থী এগিয়ে এসে দুজনই হাত মেলান। অনেক জায়গায় যখন সৌজন্যের এই রাজনীতি দেখা যায় না তখন যেন সৌজন্যের প্রতীক হয়ে উঠল ডুয়ার্স।
এ বিষয়ে নাগরাকাটা বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সঞ্জয় কুজুর বলেন,”ধর্মীয় স্থানে কখনো রাজনীতি নয় আর তাই আমি বিজেপি প্রার্থীকে যেমন শুভেচ্ছা জানালাম তিনিও আমাকে শুভেচ্ছা জানিয়েছেন।”
এদিকে রামনবমী উপলক্ষে যাতে কোনরকম অপ্রীতিকর ঘটনা না ঘটে যে কারণে নাগরাকাটা প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন করা হয়েছিল।

