কোচবিহার, ১৫ জুলাই:
নতুন শিক্ষাবর্ষকে সামনে রেখে বৃহত্তর সাংগঠনিক বিস্তারের লক্ষ্যে সদস্যতা অভিযান শুরু করতে চলেছে ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)। এই কর্মসূচিকে সামনে রেখে বুধবার কোচবিহার প্রেস ক্লাবে একটি সাংবাদিক বৈঠকের আয়োজন করে সংগঠনের জেলা নেতৃত্ব। বৈঠকে এবিভিপির আদর্শ, ভবিষ্যৎ কর্মসূচি এবং সদস্যতা অভিযান নিয়ে বিস্তারিত বক্তব্য তুলে ধরা হয়।
সংগঠনের নেতৃত্বরা জানান, “রাষ্ট্রই প্রথম”— এই আদর্শকে সামনে রেখেই দীর্ঘদিন ধরে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ ছাত্রসমাজের মধ্যে কাজ করে চলেছে। তাঁদের দাবি, শুধুমাত্র ছাত্রদের বিভিন্ন সমস্যা নিয়ে আন্দোলন করাই নয়, বরং একটি সচেতন, দায়িত্বশীল এবং দেশগঠনে অঙ্গীকারবদ্ধ ছাত্রসমাজ গড়ে তোলাই এবিভিপির অন্যতম লক্ষ্য। সেই উদ্দেশ্য নিয়েই নতুন করে সদস্যতা অভিযানের সূচনা করা হচ্ছে।
সাংবাদিক বৈঠকে নেতৃত্বরা বলেন, দেশের ভবিষ্যৎ গড়ে তোলার ক্ষেত্রে ছাত্রসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষাঙ্গন থেকেই নেতৃত্বের বিকাশ ঘটে এবং সমাজ ও রাষ্ট্র গঠনের ভিত্তি তৈরি হয়। তাই আগামী দিনে ‘রাষ্ট্র পুনর্নির্মাণ’-এর লক্ষ্যকে সামনে রেখে আরও বেশি সংখ্যক ছাত্র-ছাত্রীকে সংগঠনের সঙ্গে যুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, কোচবিহার জেলার প্রতিটি কলেজে পর্যায়ক্রমে সদস্যতা অভিযান চালানো হবে। কলেজ ক্যাম্পাসে সরাসরি ছাত্র-ছাত্রীদের সঙ্গে যোগাযোগ করে সংগঠনের উদ্দেশ্য, আদর্শ এবং বিভিন্ন কর্মকাণ্ড সম্পর্কে তাঁদের অবহিত করা হবে। পাশাপাশি নতুন সদস্যদের সংগঠনের বিভিন্ন সাংগঠনিক, সামাজিক ও শিক্ষামূলক কর্মসূচিতে যুক্ত করার উদ্যোগও নেওয়া হবে।
এবিভিপি নেতৃত্বের দাবি, শিক্ষাঙ্গনের সুস্থ পরিবেশ বজায় রাখা, ছাত্রদের অধিকার রক্ষা, শিক্ষার মানোন্নয়ন এবং জাতীয় চেতনা বিকাশে সংগঠন সবসময় সক্রিয় ভূমিকা পালন করে এসেছে। আগামী দিনেও সেই ধারাবাহিকতা বজায় রেখে আরও বেশি ছাত্র-ছাত্রীকে সংগঠনের সঙ্গে যুক্ত করার লক্ষ্যেই এই সদস্যতা অভিযান পরিচালিত হবে।
সাংবাদিক বৈঠকে উপস্থিত নেতৃত্বরা আশা প্রকাশ করেন, কোচবিহারের বিভিন্ন কলেজের ছাত্র-ছাত্রীরা এই উদ্যোগে ইতিবাচক সাড়া দেবেন এবং বৃহত্তর সামাজিক ও জাতীয় দায়বদ্ধতার অংশ হিসেবে এবিভিপির সঙ্গে যুক্ত হবেন। সদস্যতা অভিযানের পাশাপাশি আগামী দিনে বিভিন্ন শিক্ষামূলক, সামাজিক এবং জনসচেতনতামূলক কর্মসূচিও গ্রহণ করা হবে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে।

