মাথাভাঙ্গা ,১ আগস্ট
চাকরির নাম করে লক্ষাধিক টাকা নেওয়ার অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে। শনিবার এই অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় মাথাভাঙ্গা ১ নং ব্লকের হাজির দোকান সংলগ্ন এলাকায়।জানা গেছে টাকা ফেরতের দাবিতে অভিযুক্ত তৃণমূল নেতা নজরুল হকের বাড়ির সামনে হাজির হন কয়েকজন যুবক।
অভিযোগকারী যুবকদের দাবি, গ্রুপ ডি চাকরির ব্যবস্থা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে নজরুল হক এবং তাঁর ছেলে কামাল হোসেন তিন জনের কাছ থেকে মোট ২৪ লক্ষ টাকা নিয়েছিলেন। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও চাকরি মেলেনি। পাশাপাশি একাধিকবার টাকা ফেরতের দাবি জানানো হলেও এখনও পর্যন্ত সেই অর্থ ফেরত পাননি বলেও অভিযোগ তাঁদের।
শনিবার টাকা ফেরতের দাবিতে নজরুল হকের বাড়িতে গেলে নজরুল হক জানান, তাঁর ছেলে বাড়িতে নেই। তবে অভিযোগের বিষয়ে সংবাদমাধ্যমের ক্যামেরার সামনে কোনও মন্তব্য করতে চাননি তিনি।

