জলপাইগুড়ি,৯ ডিসেম্বর :
জলপাইগুড়ির তিস্তা নদীতে ফের ঘটল চাঞ্চল্যকর মাছ মরে যাওয়ার ঘটনা। মঙ্গলবার ভোর থেকে তিস্তার রেল সেতু সংলগ্ন মরিচবাড়ি এলাকায় নদীর জলে ভেসে থাকতে দেখা যায় বোরেলি, বোয়াল, আড়সহ একাধিক দেশি প্রজাতির নদীয়ালী মাছ। স্থানীয় বাসিন্দারা জানান, রাতের অন্ধকারে অসাধু কিছু মৎস্যজীবী দ্রুত ও বেশি মাছ ধরার আশায় নদীতে বিষ তেল প্রয়োগ করে থাকতে পারে। সেই বিষক্রিয়ার ফলেই বিপুল সংখ্যক মাছ মারা পড়েছে বলে অনুমান।
ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছান মৎস্য দফতরের আধিকারিকরা। তারা নমুনা সংগ্রহ করে তদন্ত শুরু করেছেন। পাশাপাশি এলাকায় সচেতনতার প্রচার চালানো হচ্ছে যাতে এমন অনৈতিক পদ্ধতিতে মাছ ধরার প্রবণতা রোধ করা যায়। আধিকারিকরা স্পষ্ট জানিয়েছেন, দোষীদের চিহ্নিত করে কড়া আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে।
এই ঘটনায় নদীর জলজ পরিবেশ মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। তিস্তায় মাছের প্রাকৃতিক উৎপাদন এবং স্থানীয় মৎস্যজীবীদের জীবিকায়ও নেতিবাচক প্রভাব পড়বে বলে আশঙ্কা। পরিবেশবিদদের মতে, বিষ প্রয়োগ শুধু মাছ নয়, নদীর সামগ্রিক প্রাণবৈচিত্র্যের জন্যও বিপজ্জনক। ফলে দ্রুত অভিযুক্তদের গ্রেফতার এবং এ ধরনের ঘটনা রোধে কঠোর নজরদারির দাবি উঠেছে।

