শিলিগুড়ি, ২৪ ফেব্রুয়ারি :
শহরের প্রাণকেন্দ্রে মানবতার পরিচয় দিতে গিয়ে আক্রান্ত হয় এক চিকিৎসক।সোমবার শিলিগুড়ির হিলকার্ট রোড এলাকায় ঘটে যাওয়া এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় শহর জুড়ে।আহত হন শহরের পরিচিত চিকিৎসক মৈনাক মুখার্জি।স্থানীয় সূত্রে জানা যায়,সোমবার দুপুরে ডা. মৈনাক মুখার্জি হিলকার্ট রোডের একটি সেলুনের দিকে যাচ্ছিলেন।সেই সময় তিনি দেখতে পান,কয়েকজন যুবক এক ব্যক্তিকে চোর সন্দেহে মারধর করছে।অভিযুক্ত যুবকের মাথায় গুরুতর আঘাত লাগতে পারে বলে আশঙ্কা করে তিনি এগিয়ে যান ও মারধর বন্ধ করার পাশাপাশি পুলিশে খবর দেওয়ার পরামর্শ দেন।অভিযোগ,তাতেই ক্ষিপ্ত হয়ে ওঠে মারধরকারী যুবকেরা।প্রত্যক্ষদর্শীদের বক্তব্য,তারা ঘটনাস্থলেই চিকিৎসককেও মারধর করে।ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।মঙ্গলবার ঘটনার প্রতিবাদে মেঘদূত সিনেমা হল সংলগ্ন এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়।ডা. মুখার্জির সহকর্মী চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা হাতে প্ল্যাকার্ড নিয়ে রাস্তায় নামেন।প্ল্যাকার্ডে লেখা ছিল-শিলিগুড়ি শহরে সাধারণ মানুষ কি নিরাপদ?”এ ঘটনায় ডা. মুখার্জি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।শহরের মাঝখানে একজন সম্মানিত চিকিৎসকের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ।আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।পুলিশ সূত্রে খবর,অভিযুক্তদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।ঘটনার পর শহরে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগ বাড়ছে।

