কোচবিহার , ১লা জুন
আবাসের টাকা দুর্নীতির অভিযোগে বিক্ষোভ, কাটমানি ফেরতের দাবিতে পঞ্চায়েত সদস্যের বাড়ির সামনে অবস্থান|
কোচবিহার ১ নম্বর ব্লকের পানিশালা অঞ্চলের ১৮৫ নম্বর বুথে আবাস প্রকল্পের টাকা নিয়ে দুর্নীতির অভিযোগে সরব হলেন স্থানীয় বাসিন্দারা। অভিযোগ, তৃণমূল কংগ্রেস সরকারের আমলে আবাসের ঘর পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে এলাকার বহু মানুষের কাছ থেকে টাকা নেওয়া হয়েছিল। সেই অভিযোগের প্রতিবাদ এবং কথিত কাটমানি ফেরতের দাবিতে সোমবার বিক্ষোভে সামিল হন গ্রামবাসীরা।
বিক্ষোভকারীরা স্থানীয় পঞ্চায়েত সদস্য নবমিতা রায়ের বাড়ির সামনে অবস্থান বিক্ষোভ শুরু করেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। পরে পুলিশ প্রশাসনের মধ্যস্থতায় বিক্ষোভকারীরা সেখান থেকে সরে যান।
বিক্ষোভে অংশগ্রহণকারীদের দাবি, যাঁদের কাছ থেকে আবাস প্রকল্পের নাম করে টাকা নেওয়া হয়েছে, তাঁদের সেই অর্থ দ্রুত ফেরত দিতে হবে। অন্যথায় আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটার হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে।

