জলপাইগুড়ি, ১০ ডিসেম্বর :
রামকৃষ্ণ মিশন আশ্রম, জলপাইগুড়ির উদ্যোগে ময়নাগুড়ি ব্লকের পুটিমারী গ্রামের ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়িয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিল। এদিন ‘নার-নারায়ণ সেবা’ কর্মসূচির অংশ হিসেবে টর্নেডোয় -পরবর্তী মানবিক সেবার ধারাবাহিকতায় আশ্রমের পক্ষ থেকে এই কার্যক্রম পরিচালিত হয়। আশ্রম কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, ২০২৪ সালের জুন মাসে প্রথম পুটিমারীসহ আশেপাশের এলাকায় টর্নেডোর দাপটে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। সেই সময় আশ্রমের সেবাকর্মীরা সেখানে ত্রাণ ও সাহায্য নিয়ে পৌঁছেছিলেন। সেই ধারাবাহিকতার অংশ হিসেবেই এদিনের এবারের কর্মসূচি।
টর্নেডো-পরবর্তী পরিস্থিতিতে পুটিমারী ও তার আশপাশের ক্ষতিগ্রস্ত মানুষদের চাহিদা বিবেচনা করে খাদ্য, নিত্য প্রয়োজনীয় সামগ্রী, পোশাকসহ অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়। স্থানীয় বাসিন্দাদের হাতে এদিন খিচুড়ি, আলুর দম, পাপড়, চাটনি, পায়েস, মিষ্টি, দই খাদ্য তুলে দেওয়া হয়। এই কর্মসূচিতে আশ্রমের সম্পাদক স্বামী শিবপ্রেমানন্দ মহারাজ উপস্থিত থেকে বক্তব্য রাখেন। তিনি শ্রীশ্রীঠাকুর, মা ও স্বামীজির আদর্শে সেবার মনোভাবকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেন। মানবসেবাকেই ঈশ্বরসেবা হিসেবে তুলে ধরে তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলির প্রতি সহমর্মিতা প্রকাশ করেন।
উল্লেখ্য, ১৯৬৮ সাল থেকে রামকৃষ্ণ মিশন আশ্রম, জলপাইগুড়ি জেলার বিভিন্ন প্রান্তে চিকিৎসা, শিক্ষা, সমাজকল্যাণমূলক কর্মসূচি এবং দুর্যোগকালে ত্রাণকার্য পরিচালনা করে আসছে। পুটিমারীতে আয়োজিত সাম্প্রতিক ‘নার-নারায়ণ সেবা’ সেই দীর্ঘ মানবিক উদ্যোগেরই অংশ।

