মাথাভাঙ্গা ,২০ জুলাই
মাথাভাঙ্গায় চাঞ্চল্যকর ঘটনা। দীর্ঘদিন দলের জন্য কাজ করার পরও কোনো সহযোগিতা না পাওয়ার অভিযোগ তুলে মানসাই নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করলেন এক বিজেপি কর্মী। ঘটনাটি ঘটে মাথাভাঙ্গা শহরের পঞ্চানন সেতুতে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, আত্মহত্যার চেষ্টা করা ওই ব্যক্তির নাম জিতেন বর্মন। তিনি মাথাভাঙ্গা শহর সংলগ্ন পঞ্চানন মোড় এলাকার বাসিন্দা।
জিতেন বর্মনের অভিযোগ, তিনি বহু বছর ধরে বিজেপির হয়ে সক্রিয়ভাবে কাজ করেছেন। কিন্তু দল ক্ষমতায় আসার পরেও কেউ তার বা তার পরিবারের খোঁজ নেননি। তার স্ত্রীর অসুস্থতার সময় চিকিৎসার জন্য একাধিক বিজেপি নেতার কাছে সাহায্য চাইলেও কোনো সহযোগিতা পাননি। এছাড়াও টানা ১২ বছর ভাড়া বাড়িতে বসবাস করলেও কোনো ধরনের সহায়তা মেলেনি বলে দাবি করেন তিনি। বারবার আবেদন করার পরও কেউ তার বাড়িতে গিয়ে খোঁজ নেননি। চরম মানসিক হতাশা থেকেই তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছিলেন বলে জানান।
প্রত্যক্ষদর্শী চন্দন বর্মন জানান, তিনি আলিপুরদুয়ারের উদ্দেশ্যে যাওয়ার সময় পঞ্চানন সেতুর উপর এক ব্যক্তিকে নদীতে ঝাঁপ দেওয়ার চেষ্টা করতে দেখেন। সঙ্গে সঙ্গে গাড়ি থেকে নেমে উপস্থিত অন্যান্য মানুষের সহযোগিতায় ওই ব্যক্তিকে উদ্ধার করা হয়। তিনি আরও জানান,তিনিও একজন বিজেপি কর্মী তাই আগামীকাল জিতেন বর্মনের বাড়িতে গিয়ে তার সঙ্গে দেখা করবেন।
এদিকে ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় মাথাভাঙ্গা থানার পুলিশ। পরে জিতেন বর্মনকে থানায় নিয়ে যাওয়া হয়। ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

