শিলিগুড়ি , ৩১ জুলাই
রেলের জমিতে বসবাসকারী পরিবারগুলির পুনর্বাসনের দাবিতে শুক্রবার নথি জমা দেওয়ার প্রক্রিয়ায় অংশ নিলেন বহু বাসিন্দা। সকাল থেকেই বৃদ্ধ থেকে যুবক—বিভিন্ন বয়সের মানুষ দীর্ঘ লাইনে দাঁড়িয়ে নিজেদের বসবাস সংক্রান্ত নথিপত্র জমা দেন। তাঁদের সমর্থনে উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি এবং ব্যবসায়ী সংগঠনের সদস্যরাও।
রেলের উন্নয়নমূলক প্রকল্পের কাজ এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে দীর্ঘদিন ধরে রেলের জমিতে বসবাসকারী পরিবারগুলিকে উচ্ছেদের নোটিশ দেওয়া হয়েছে। এরপর থেকেই পুনর্বাসনের দাবিতে আন্দোলন শুরু হয়। বাসিন্দাদের বক্তব্য, কয়েক প্রজন্ম ধরে ওই এলাকায় বসবাস করলেও বিকল্প ব্যবস্থা ছাড়া উচ্ছেদ করা হলে তাঁরা চরম অনিশ্চয়তার মুখে পড়বেন।
পরবর্তীতে রেল কর্তৃপক্ষ প্রয়োজনীয় নথি জমা দেওয়ার সুযোগ দিলে ৭ নম্বর ওয়ার্ড সংলগ্ন এলাকার বাসিন্দারা সেই প্রক্রিয়ায় অংশ নেন। পাশাপাশি, শিলিগুড়ি বৃহত্তর খুচরা ব্যবসায়ী সমিতির পক্ষ থেকেও বিষয়টি নিয়ে একটি স্মারকলিপি জমা দেওয়া হয়েছে। সংগঠনের দাবি, রেলের জমিতে বসবাসকারী বহু মানুষের জীবিকা ওই এলাকার সঙ্গে জড়িত। তাই পুনর্বাসনের সুস্পষ্ট ব্যবস্থা না করে উচ্ছেদ করা উচিত নয়।
এদিকে, সিপিআই(এম)-এর নেতা শরদিন্দু চক্রবর্তী বলেন, গরিব মানুষের মাথার উপর ছাদ কেড়ে নেওয়ার আগে তাঁদের পুনর্বাসনের নিশ্চয়তা দিতে হবে। একই দাবি জানিয়েছেন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরাও।

