শিলিগুড়ি , ৭ জুলাই
পার্কিং সমস্যাকে কেন্দ্র করে শিলিগুড়ির এসএফ রোডে বিক্ষোভে সামিল হলেন বিভিন্ন অনলাইন খাবার ও নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহকারী সংস্থার ডেলিভারি কর্মীরা। তাঁদের অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই এলাকায় বাইক দাঁড় করিয়ে ডেলিভারি পরিষেবা দিলেও কোনো পার্কিং ফি নেওয়া হতো না। কিন্তু গত দুই-তিন দিন ধরে হঠাৎ করেই প্রতিবার বাইক পার্কিংয়ের জন্য নির্দিষ্ট ফি দাবি করা হচ্ছে।
ডেলিভারি কর্মীদের বক্তব্য, একটি অর্ডার পৌঁছে দিয়ে আবার অন্য অর্ডার নিতে বারবার বাইক পার্ক করতে হয়। প্রতিবার পার্কিং ফি দিতে হলে তাঁদের আয়ের উপর বড় প্রভাব পড়বে। এই পরিস্থিতিতে তাঁরা ক্ষোভ প্রকাশ করে দ্রুত সমস্যার সমাধানের দাবি জানান।
অন্যদিকে, পার্কিং পরিচালনার দায়িত্বে থাকা বাপি সিংহ রায় অভিযোগ অস্বীকার করেন। তিনি জানান, তিনি শুধুমাত্র একজন কর্মী হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর দাবি, মালিক বাপি চৌধুরীর নির্দেশ অনুযায়ীই তিনি কাজ করেন এবং ব্যক্তিগতভাবে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তাঁর নেই।
ডেলিভারি কর্মীদের আরও দাবি, এর আগে পুলিশ এসে জানিয়েছিল যে এটি একটি সার্ভিস রোড। তাঁদের প্রশ্ন, যদি এটি সত্যিই সার্ভিস রোড হয়ে থাকে, তাহলে সেখানে কীভাবে পার্কিং ব্যবস্থা চালু করা হচ্ছে এবং কেন পার্কিং ফি নেওয়া হচ্ছে?
এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনা সৃষ্টি হয়। ডেলিভারি কর্মীরা প্রশাসনের হস্তক্ষেপে বিষয়টির দ্রুত ও স্থায়ী সমাধান চান, যাতে তাঁদের কাজ নির্বিঘ্নে চালিয়ে যেতে কোনো সমস্যার সম্মুখীন হতে না হয়।

