জলপাইগুড়ি, ১৮ আগস্ট:
৫১৭ বছরে পা দিল জলপাইগুড়ির ঐতিহ্যবাহী বৈকুণ্ঠপুর রাজবাড়ির মনসা পুজো। মঙ্গলবার সকাল থেকেই রাজপরিবারের নিয়ম-নিষ্ঠা মেনে শুরু হয়েছে বহু প্রাচীন এই পুজো। আগামী সাত দিন ধরে চলবে পুজো ও মেলা। আর এই উৎসবকে ঘিরে প্রতি রাতেই জমে উঠবে ঐতিহ্যবাহী বিষহরি গান।
উত্তরবঙ্গের অন্যতম প্রাচীন এই মনসা পুজোকে ঘিরে প্রতিবছরই জলপাইগুড়ি ছাড়াও উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে বহু মানুষ রাজবাড়িতে ভিড় করেন। বর্তমানে রাজবাড়ির মন্দিরে বিরাজমান রয়েছেন মনসা দেবীর প্রতিমা। সকাল থেকেই পুজোর বিভিন্ন আচার-অনুষ্ঠানে অংশ নেন রাজপরিবারের সদস্যরা।
এদিন পুজোয় উপস্থিত ছিলেন রাজপরিবারের পুত্রবধূ লিন্ডা বসু এবং রাজপরিবারের প্রবীণ সদস্য প্রণতো কুমার বসু। তাঁদের উপস্থিতিতেই ঐতিহ্য ও পরম্পরা মেনে শুরু হয় পুজোর আনুষ্ঠানিকতা।
তবে মনসা পুজো ও মেলাকে ঘিরে অন্যতম বড় আকর্ষণ বিষহরি গান। লোকসংস্কৃতির এই প্রাচীন ধারার গান দেখতে ও শুনতে প্রতি রাতেই রাজবাড়ি চত্বরে অসংখ্য মানুষের সমাগম হয়। পুজোর সাত দিন ধরেই চলবে এই সাংস্কৃতিক পরিবেশনা।
৫১৭ বছরের এই প্রাচীন মনসা পুজো শুধু ধর্মীয় আচার নয়, জলপাইগুড়ির ইতিহাস, সংস্কৃতি ও লোকঐতিহ্যেরও এক গুরুত্বপূর্ণ অংশ। প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা এই উৎসব আজও একইভাবে আকর্ষণ করে সাধারণ মানুষকে।

