কোচবিহার, ৬ জুন
কোচবিহার ১ নম্বর ব্লকের ঘুঘুমারি অঞ্চলের ১৭৪ নম্বর বুথ এলাকায় আবাস যোজনার নামে কাটমানি তোলার অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। স্থানীয় পঞ্চায়েত সদস্য সাইদুল মিয়ার বিরুদ্ধে উপভোক্তাদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ তুলে বিক্ষোভে সামিল হন গ্রামবাসীরা।
অভিযোগ, আবাস যোজনার সুবিধা পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে একাধিক উপভোক্তার কাছ থেকে অর্থ নেওয়া হয়েছে। এই অভিযোগ সামনে আসতেই ক্ষুব্ধ গ্রামবাসীরা একত্রিত হয়ে প্রতিবাদ জানান এবং ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি তোলেন।
বিক্ষোভকারীদের দাবি, প্রকৃত উপভোক্তাদের কাছ থেকে কোনও ধরনের অর্থ নেওয়া উচিত নয়। অভিযোগের সত্যতা যাচাই করে প্রশাসনের পক্ষ থেকে দ্রুত ব্যবস্থা গ্রহণেরও দাবি জানানো হয়। তবে অভিযুক্ত পঞ্চায়েত সদস্যের প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি।
ঘটনাকে ঘিরে এলাকায় রাজনৈতিক মহলেও চাঞ্চল্য ছড়িয়েছে। প্রশাসনের তরফে অভিযোগ খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে।

