দিনহাটা, ৫ সেপ্টেম্বর
রাজনীতি ও ক্ষমতার প্রোটোকল দূরে সরিয়ে এক খুদে ছাত্রের ভালোবাসার টানে তার বাড়িতে হাজির হলেন দিনহাটার বিধায়ক অজয় রায়। শিক্ষক দিবসের অনুষ্ঠানে ঘটে যাওয়া এই ঘটনায় নজর কাড়ল জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের সম্পর্কের এক অন্য ছবি।
শিক্ষক দিবস উপলক্ষে গোপালনগর হাই স্কুলে আয়োজিত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিধায়ক অজয় রায়। অনুষ্ঠান শেষে ষষ্ঠ শ্রেণির এক ছাত্র তাঁকে নিজের বাড়িতে যাওয়ার জন্য আবদার করে। জানা যায়, গত এক বছর ধরেই বিধায়ক ‘স্যারকে’ বাড়িতে নিয়ে গিয়ে মায়ের সঙ্গে দেখা করানোর ইচ্ছে ছিল তার।
খুদের এই আন্তরিক আবদার ফেলতে পারেননি বিধায়ক। সঙ্গে সঙ্গেই রাজি হয়ে ওই ছাত্রের সঙ্গে গাড়িতে করে জামতলা এলাকার তার বাড়িতে পৌঁছে যান তিনি। বাড়িতে বিধায়ককে দেখে আনন্দে আপ্লুত হয়ে পড়ে ছাত্র ও তার পরিবার।
খুদে ছাত্র জানায়, “গত এক বছর ধরে অজয় স্যারকে আমাদের বাড়িতে নিয়ে যাওয়ার খুব ইচ্ছা ছিল। আজ সুযোগ পেয়ে অনুরোধ করি। স্যার বাড়িতে আসায় আমি ও আমার পরিবার খুব খুশি।”
বিধায়কের এই আন্তরিকতায় প্রশংসা করেছেন শিক্ষক ও স্থানীয়রাও। রাজনৈতিক পরিচয়ের বাইরে একজন জনপ্রতিনিধির এমন সহজ-সরল আচরণই এদিন হয়ে উঠল শিক্ষক দিবসের অন্যতম বিশেষ মুহূর্ত।

