জলপাইগুড়ি, ১৭ মার্চ :
মাত্র ৩০ মিনিটের প্রবল ঝড়ে লণ্ডভণ্ড হয়ে যায় জলপাইগুড়ির বিভিন্ন এলাকা। সোমবার রাত সাড়ে ১০টা নাগাদ আচমকা ঝড়ো হাওয়া ও বৃষ্টি শুরু হয়, যা স্থায়ী হয় প্রায় আধঘণ্টা। ঝড়ের দাপটে একাধিক বড় গাছ উপড়ে পড়ে রাস্তা ও বাড়ির উপর, ফলে বহু জায়গায় যান চলাচল ব্যাহত হয়। শহরের ৪ নম্বর ঘুমটি এলাকায় একটি গাড়ির উপর বটগাছ ভেঙে পড়ে, তবে হতাহতের খবর নেই। পাতকাটা গ্রামপঞ্চায়েতে ঘরের চাল উড়ে যাওয়ার ঘটনাও ঘটেছে। বিভিন্ন এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। প্রশাসন দ্রুত গাছ সরানোর কাজ শুরু করেছে, ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও সম্পূর্ণ জানা যায়নি।

