শিলিগুড়ি, ৭ মে :
শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ খুনের ঘটনায় তদন্তে উঠে এল নতুন তথ্য। পুলিশের প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, এই নৃশংস হত্যাকাণ্ডে ব্যবহার করা হয়েছিল শিলিগুড়ির একটি ভুয়ো নম্বরপ্লেট লাগানো চারচাকা গাড়ি। ঘটনার পর থেকেই নম্বরপ্লেটের সূত্র ধরে তদন্ত শুরু করে পুলিশ। তদন্তকারীরা জানতে পারেন, আততায়ীরা পরিকল্পনা করেই চারচাকা গাড়ি ও বাইক নিয়ে ঘটনাস্থলে পৌঁছেছিল। খুনের পর পালানোর ক্ষেত্রেও সেই গাড়িই ব্যবহার করা হয় বলে অনুমান পুলিশের। তদন্তে গাড়িটির নম্বর ট্র্যাক করে দেখা যায়, সেটির রেজিস্ট্রেশন শিলিগুড়ির আরটিও-তে নথিভুক্ত রয়েছে। এরপরই পুলিশের নজরে আসেন শিবমন্দির এলাকার বাসিন্দা উইলিয়াম জোসেফ। কারণ, তাঁর গাড়ির রেজিস্ট্রেশন নম্বরই ব্যবহার করা হয়েছিল বলে জানা যায়। বুধবার গভীর রাতে তাঁকে থানায় ডেকে পাঠিয়ে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ চালায় তদন্তকারীরা। পুলিশি জেরায় উঠে আসে, ঘটনার সঙ্গে উইলিয়াম জোসেফের কোনও প্রত্যক্ষ যোগ নেই। আততায়ীরা তাঁর গাড়ির নম্বর নকল করে ভুয়ো নম্বরপ্লেট তৈরি করেছিল বলেই প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। সেই কারণে রাতেই তাঁকে ছেড়ে দেয় পুলিশ। এই ঘটনায় নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে অপরাধে ভুয়ো নম্বরপ্লেট ব্যবহারের প্রবণতা নিয়ে। একইসঙ্গে, খুনের ঘটনায় জড়িতদের চিহ্নিত করতে বিভিন্ন দিক খতিয়ে দেখছে তদন্তকারী দল। পুলিশের দাবি, খুব শীঘ্রই ঘটনার সঙ্গে জড়িতদের সম্পর্কে আরও গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসতে পারে।

