শিলিগুড়ি, ৪ সেপ্টেম্বর
ফারাক্কায় রেললাইনে ধস নামার জেরে ব্যাহত রেল পরিষেবা। নিউ জলপাইগুড়ি থেকে বাতিল করা হয়েছে একাধিক ট্রেন। ফলে আচমকাই বিপাকে পড়েছেন উত্তরবঙ্গের বহু রেলযাত্রী। ট্রেন পরিষেবা বন্ধ থাকায় গন্তব্যে পৌঁছতে এখন বিকল্প হিসেবে বাস পরিষেবার উপরেই নির্ভর করতে হচ্ছে যাত্রীদের।
এরই প্রভাব পড়েছে শিলিগুড়ির তেনজিং নোরগে বাস টার্মিনাসেও। রেল পরিষেবা ব্যাহত হওয়ার পর বাসে যাতায়াতের প্রবণতা বাড়ায় টিকিটের চাহিদাও বেড়েছে। বর্তমানে টার্মিনাস থেকে NBSTC-এর মোট পাঁচটি বাস পরিষেবা চালু রয়েছে। কিন্তু আপাতত ওই পাঁচটি বাসের কোনওটিতেই টিকিট পাওয়া যাচ্ছে না বলে জানা গিয়েছে।
ফলে ট্রেনের বিকল্প হিসেবে বাস ধরতে এসে সমস্যায় পড়ছেন বহু যাত্রী। একদিকে ট্রেন বাতিল, অন্যদিকে বাসের টিকিট না মেলায় যাত্রীদের ভোগান্তি আরও বাড়ছে।
তবে যাত্রীদের বাড়তি চাপ সামাল দিতে প্রস্তুত রয়েছে NBSTC কর্তৃপক্ষ। সংস্থা সূত্রে জানা গিয়েছে, টিকিটের চাহিদা আরও বাড়লে পরিস্থিতি অনুযায়ী অতিরিক্ত বাস চালানোর ব্যবস্থা করা হবে।
ফারাক্কায় রেললাইনে ধসের কারণে রেল পরিষেবা কত দ্রুত স্বাভাবিক হয়, এখন সেদিকেই নজর যাত্রীদের। তার আগে পর্যন্ত বিকল্প পরিবহণ ব্যবস্থার উপরই নির্ভর করতে হচ্ছে বহু মানুষকে।
ট্রেন নেই, বাসেও টিকিট নেই… গন্তব্যে পৌঁছবেন কীভাবে যাত্রীরা?

