শিলিগুড়ি , ৩০জুন
উত্তরবঙ্গের পর্যটন শিল্পের উন্নয়ন ও প্রসারে মঙ্গলবার শিলিগুড়ির উত্তরা টাউনশিপ সংলগ্ন একটি হোটেলে পশ্চিমবঙ্গ সরকারের পর্যটন দপ্তরের উদ্যোগে অনুষ্ঠিত হল পর্যটন স্টেকহোল্ডার সম্মেলন। সম্মেলনে সরকারি আধিকারিকদের সঙ্গে পর্যটন শিল্পের বিভিন্ন অংশীজন সরাসরি মতবিনিময় করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পর্যটনমন্ত্রী ড. শঙ্কর ঘোষ, পর্যটন দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি বরুণ কুমার রায়, অতিরিক্ত মুখ্যসচিব-সহ দপ্তরের শীর্ষ আধিকারিকরা। এছাড়াও উত্তরবঙ্গের বিভিন্ন জেলার ট্রাভেল এজেন্ট, ট্যুর অপারেটর, হোমস্টে মালিক, হোটেল ব্যবসায়ী ও পরিবহণ সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।
সম্মেলনে পর্যটন শিল্পের বর্তমান অবস্থা, সম্ভাবনা, বিভিন্ন সমস্যা, অবকাঠামো উন্নয়ন, পর্যটকদের জন্য উন্নত পরিষেবা এবং সরকারি-বেসরকারি সমন্বয় জোরদারের বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। অংশগ্রহণকারীরা তাঁদের মতামত ও প্রস্তাব সরাসরি পর্যটনমন্ত্রীর কাছে তুলে ধরেন।
পর্যটনমন্ত্রী জানান, উত্তরবঙ্গের পর্যটন শিল্পকে আরও শক্তিশালী ও কর্মসংস্থানমুখী করে তুলতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। এই ধরনের সরাসরি মতবিনিময় পর্যটন শিল্পের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলেই মনে করছেন সংশ্লিষ্ট মহল।

