জলপাইগুড়ি ,২ নভেম্বর
শহরের প্রাণকেন্দ্র, সামনে জেলা পরিষদ ভবন, পাশেই বড় পোস্ট অফিস মোড়ের ট্রাফিক পোস্ট। এমন গুরুত্বপূর্ণ এলাকাতেই দিনের আলোয় অভিনব কায়দায় সোনার অলঙ্কার হাতিয়ে চম্পট দিল দুই অজ্ঞাতপরিচয় ব্যক্তি। পুলিশ আধিকারিক পরিচয় দিয়ে এক ব্যক্তির সোনার হার ও আংটি খুলিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। পরে কাগজ ও রুমাল খুলতেই সামনে এল আসল ঘটনা। অলঙ্কারের বদলে প্যাকেটের ভিতরে মিলল কয়েকটি পাথর! এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে জলপাইগুড়ি শহরে।
জানা গিয়েছে, সোমবার সকালে প্রতিদিনের মতো জেলা পরিষদ ভবনের ক্যান্টিন খুলতে বাড়ি থেকে আসেন ক্যান্টিন মালিক ব্রতীন কুন্ডু। জেলা পরিষদ ভবন এবং বড় পোস্ট অফিস মোড়ের ট্রাফিক পোস্টের সামনের রাস্তায় পৌঁছতেই দুই ব্যক্তি তাঁর পথ আটকায় বলে অভিযোগ।
অভিযোগ, ওই দুই ব্যক্তি নিজেদের অফিসার পরিচয় দিয়ে ব্রতীনবাবুকে জানায়, এলাকায় নাকি একটি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এরপর নিরাপত্তার অজুহাতে তাঁর হাতের সোনার হার ও আংটি খুলে একটি কাগজে মুড়িয়ে পকেটে রাখতে বলে তারা। ব্রতীনবাবুও তাদের কথায় বিশ্বাস করে নিজের অলঙ্কার খুলে দেন। দুই ব্যক্তি অলঙ্কারগুলি কাগজে মুড়ে দেওয়ার পর সেখান থেকে চলে যায়।
এরপর যথারীতি ক্যান্টিন খুলে কর্মীদের সঙ্গে কথা বলতে গিয়ে ব্রতীনবাবু ওই ছিনতাইয়ের ঘটনার কথা জানতে চান। কিন্তু কর্মীরা জানান, এলাকায় এমন কোনও ছিনতাইয়ের ঘটনা ঘটেনি। তখনই সন্দেহ হয় তাঁর। তড়িঘড়ি কাগজ ও রুমালে মোড়া প্যাকেট খুলে দেখতেই কার্যত মাথায় হাত পড়ে তাঁর। সোনার হার ও আংটির পরিবর্তে প্যাকেটের ভিতরে রয়েছে কয়েকটি পাথর।
ঘটনাটি জানাজানি হতেই জলপাইগুড়ি শহরজুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। শহরের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জনবহুল এলাকায়, দিনের আলোয় কীভাবে এমন ঘটনা ঘটল, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। বিশেষ করে দীপাবলির আগে শহরের রাস্তায় এভাবে প্রতারণার ঘটনা সামনে আসায় সাধারণ মানুষের নিরাপত্তা নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে।
ঘটনা প্রসঙ্গে স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, শহরের গুরুত্বপূর্ণ মোড়গুলিতে প্রশাসনের নজরদারি আরও বাড়ানো প্রয়োজন। পাশাপাশি এই ধরনের প্রতারণা রুখতে সাধারণ মানুষকেও সতর্ক থাকার বার্তা দিয়েছেন তাঁরা।
বাইট: ব্রতীন কুন্ডু (ক্যান্টিন মালিক)
এখন প্রশ্ন, শহরের ব্যস্ততম এলাকায় অফিসার পরিচয় দিয়ে এই কাণ্ড ঘটানো দুই ব্যক্তি কারা? তাঁদের পরিচয় জানতে এবং ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করতে কী পদক্ষেপ করা হয়, সেদিকেই নজর রয়েছে শহরবাসীর।

