শিলিগুড়ি, ২৬ আগস্ট
অন্নপূর্ণা ভাণ্ডারের সুবিধা ঠিকমতো পৌঁছচ্ছে তো? প্রকল্পের বাস্তব পরিস্থিতি খতিয়ে দেখতে এবার সরাসরি উপভোক্তাদের বাড়িতে গেলেন রাজ্যের পর্যটনমন্ত্রী তথা শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষ। বুধবার শিলিগুড়ির ১৫ নম্বর ওয়ার্ডে উপভোক্তাদের বাড়িতে স্টিকার লাগানোর কর্মসূচির সূচনা করেন তিনি।
শংকর ঘোষ জানান, বর্তমানে শিলিগুড়িতে প্রায় ৩২ হাজার মহিলা অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের আওতায় প্রতি মাসে ৩ হাজার টাকা করে সুবিধা পাচ্ছেন। প্রকল্পের সুবিধা যাতে প্রকৃত উপভোক্তাদের কাছে পৌঁছয়, তা নিশ্চিত করতেই মাঠে নেমে পরিস্থিতি পর্যালোচনা করা হচ্ছে বলে জানান তিনি।
তবে এখনও বেশ কিছু আবেদন প্রক্রিয়াধীন রয়েছে। বিধায়কের দাবি, শিলিগুড়িতে আরও প্রায় সাড়ে ৩ হাজার আবেদন বর্তমানে প্রক্রিয়াধীন। যোগ্য আবেদনকারীরা যাতে কোনওভাবেই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত না হন, সেই লক্ষ্যেই আবেদনগুলির বিষয়ে পদক্ষেপ করা হচ্ছে।
এদিনের কর্মসূচিতে শংকর ঘোষ জানান, বিধায়ক সেবা কেন্দ্রের মাধ্যমে প্রক্রিয়াধীন আবেদনগুলি নারী ও শিশু কল্যাণ দপ্তরে পাঠানো হচ্ছে। যোগ্য আবেদনকারীদের আবেদন দ্রুত নিষ্পত্তির জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের সুবিধাভোগীদের সঙ্গে সরাসরি দেখা করে তাঁদের পরিস্থিতি জানার পাশাপাশি প্রকল্পের বাস্তবায়ন নিয়েও খোঁজখবর নেন বিধায়ক। বাড়িতে স্টিকার লাগানোর এই কর্মসূচির মাধ্যমে সুবিধাভোগীদের চিহ্নিতকরণ ও প্রকল্পের পরিষেবা নিয়ে আরও নজরদারি চালানো হবে বলে জানা গিয়েছে।
শিলিগুড়িতে হাজার হাজার মহিলার কাছে প্রকল্পের সুবিধা পৌঁছলেও এখনও যাঁদের আবেদন আটকে রয়েছে, তাঁদের জন্য এই উদ্যোগ কতটা কার্যকর হয়, এখন সেদিকেই নজর।

