শিলিগুড়ি, ১৯ এপ্রিল :
প্রথম দফার নির্বাচনের আগে শেষ রবিবাসরীয় প্রচারে তৃণমূল কংগ্রেস প্রার্থী গৌতম দেবের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ তুললেন বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষ।
রবিবার সকালে শিলিগুড়ির ২৫ নম্বর ওয়ার্ডের হনুমান মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেন শঙ্কর ঘোষ। এরপর কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে নিজেই স্কুটি চালিয়ে ২৫ ও ২৬ নম্বর ওয়ার্ডে প্রচার চালান তিনি। প্রচারের মাঝেই শিলিগুড়ির মেয়র তথা তৃণমূল প্রার্থী গৌতম দেবের বিরুদ্ধে একাধিক আর্থিক অনিয়মের অভিযোগ তোলেন বিজেপি প্রার্থী।
শঙ্কর ঘোষ দাবি করেন, শিলিগুড়ি পুর নিগমে অতীতে বহু মেয়র থাকলেও তাদের বিরুদ্ধে এ ধরনের আর্থিক প্রতারণার অভিযোগ ওঠেনি। তাঁর অভিযোগ, বর্তমান মেয়র একাধিক মেয়র-পরিষদের দায়িত্ব নিজের হাতে রেখেছেন এবং তাঁর বিরুদ্ধেই সহকর্মী এক মেয়র-পরিষদ আর্থিক দুর্নীতির অভিযোগ তুলেছেন। তিনি আরও বলেন, মেয়র হিসেবে গৌতম দেব ব্যর্থ।

