শিলিগুড়ি, ৩০ ডিসেম্বর :
চুরি করে সোনার ও রুপোর অলংকার মাটির নিচে পুঁতে রেখেছিল দুষ্কৃতি। অভিযুক্তকে গ্রেফতার করে সেই জায়গায় নিয়ে গিয়ে মাটি খুঁড়ে উদ্ধার করা হয় সমস্ত গহনা। সিনেমার দৃশ্যের মতো এই অভিযানে বড়সড় সাফল্য পেল মাটিগাড়া থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, চুরির অভিযোগ পাওয়ার মাত্র ৬ ঘণ্টার মধ্যেই মাটির নিচে পুঁতে রাখা ৭০ গ্রাম সোনার অলংকার ও ৩৬৫ গ্রাম রুপোর অলংকার উদ্ধার করা হয়। এই ঘটনায় মূল দুষ্কৃতিকে গ্রেফতার করা হয়েছে।
ঘটনার সূত্রপাত রবিবার দুপুরে। শিবমন্দির–শান্তিপুর হালের মাথা এলাকার বাসিন্দা অমিত ঝাঁয়ের বাড়ি ফাঁকা থাকার সুযোগে চুরির ঘটনা ঘটে। বিকেলে বাড়ি ফিরে বিষয়টি বুঝতে পেরে হতবাক হয়ে পড়েন গৃহকর্তা।
পরদিন সোমবার দুপুরে মাটিগাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন অমিত ঝাঁ। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে মাটিগাড়া থানার অ্যান্টি ক্রাইম উইং এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দ্রুত দুষ্কৃতিকে চিহ্নিত করে।
পরে অভিযুক্তকে গ্রেফতার করে মাটিগাড়ার বিশ্বাস কলোনি এলাকায় নিয়ে যাওয়া হয়। সেখানেই মাটি খুঁড়ে উদ্ধার করা হয় চুরি যাওয়া সোনা ও রুপোর অলংকার।
ধৃতের নাম অবজিৎ মুন্ডা ওরফে ধারু। তিনি দাগাপুর এলাকার বাসিন্দা। মঙ্গলবার তাঁকে শিলিগুড়ি মহকুমা আদালতে পেশ করা হবে।
দ্রুত পুলিশের অভিযানে সমস্ত অলংকার উদ্ধার হওয়ায় মাটিগড়া থানার পুলিশকে ধন্যবাদ জানান গৃহকর্তা অমিত ঝাঁ।

