জলপাইগুড়ি ,২৪ আগস্ট
ঘরে দামি কম্পিউটার ও মনিটর সাজানো রয়েছে অক্ষত অবস্থায়, অথচ উধাও শুধু ঘরের ভেতরের সমস্ত তার! এমনই অদ্ভুত চুরির ঘটনার সাক্ষী থাকল জলপাইগুড়ির দেশবন্ধু নগর মাধ্যমিক বিদ্যালয়। চোরের দল আস্ত কম্পিউটার ফেলে রেখে নিখুঁতভাবে কেটে নিয়ে গেছে কম্পিউটার রুম ও লাইব্রেরির যাবতীয় ইলেকট্রিক্যাল তার।
কিন্তু এমন চুরির কারণ কী? ওয়াকিবহাল মহলের অনুমান, আস্ত কম্পিউটার বিক্রি করতে গেলে ধরা পড়ার ঝুঁকি থাকে। অন্যদিকে খোলা বাজারে তারের ভেতরের তামার দাম বেশ চড়া। সেই লোভেই মূল্যবান তার কেটে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক অরিন্দম রায় ক্ষোভ প্রকাশ করে জানান, সামান্য ফি-র ওপর নির্ভর করে স্কুল চলে। নতুন করে ওয়ারিং করাতে প্রায় ৫০ থেকে ৬০ হাজার টাকার ধাক্কা সামলাতে হবে। এর আগেও স্কুলে চুরি নিয়ে থানায় লিখিত অভিযোগ করা হলেও কোনও সুরাহা হয়নি।
এই চুরির জেরে স্কুলের খুদে পড়ুয়াদের কম্পিউটার শিক্ষা এখন সম্পূর্ণ অনিশ্চয়তার মুখে। সিসিটিভি থাকা সত্ত্বেও চোর এখনও অধরা থাকায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

