আলিপুরদুয়ার,১৫ মে
দারিদ্র্য আর অভাবের সঙ্গে লড়াই করেই সাফল্যের নজির গড়ল হাসিমারার মালঙ্গি এলাকার ছাত্রী স্নেহা সাহ। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ৪৫৪ নম্বর পেয়ে সম্ভাব্য ব্লক টপার হয়ে এলাকায় চর্চার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে সে।কালচিনি ব্লকের হাসিমারা হিন্দি হাই স্কুলের ছাত্রী স্নেহার এই সাফল্যের পিছনে রয়েছে এক গরিব শ্রমিক পরিবারের নিরন্তর সংগ্রাম। তার বাবা সন্তোষ সাহ জয়গাঁয়ে দিনমজুরের কাজ করেন। প্রতিদিনের উপার্জনেই কোনওরকমে সংসার চলে। অনেক সময় মেয়ের পড়াশোনার জন্য প্রয়োজনীয় বই-খাতা জোগাড় করতেও সমস্যায় পড়তে হয়েছে পরিবারকে। তবুও মেয়ের পড়াশোনা বন্ধ হতে দেননি বাবা-মা।
স্নেহা জানিয়েছে, সীমিত সুযোগ-সুবিধার মধ্যেও কঠোর পরিশ্রম করেই এই ফল করেছে সে। হিন্দি বিষয়ে সে সর্বাধিক ৯৪ নম্বর পেয়েছে। ভবিষ্যতে আরও পড়াশোনা করে জীবনে বড় কিছু করতে চায় বলেও জানায় স্নেহা। তবে পরিবারের আর্থিক অবস্থা খুবই দুর্বল হওয়ায় সরকারি বা বেসরকারি সাহায্যের আবেদনও জানিয়েছে সে।
মেয়ে’র সাফল্যে আবেগাপ্লুত বাবা সন্তোষ সাহ বলেন, “দারিদ্র্য সবসময় ছিল, কিন্তু কখনও সন্তানদের পড়াশোনা বন্ধ করিনি। যতদিন শরীরে শক্তি থাকবে, মেয়েকে পড়ানোর জন্য শ্রমিকের কাজ করে যাব।”
অন্যদিকে স্নেহার মা অনিতা সাহ জানান, মেয়ের পড়াশোনায় তার প্রয়াত কাকার বড় ভূমিকা ছিল। কিছুদিন আগে দুর্ঘটনায় তাঁর মৃত্যু হয়েছে। মেয়ের সাফল্যে খুশি হলেও সেই অভাব আজ আরও বেশি অনুভব করছেন পরিবার।

