শিলিগুড়ি, ২৭ মার্চ :
রামনবমীর পবিত্র দিনে নির্বাচনী প্রচারের মাঝেই সাময়িক বিরতি নিলেন বিজেপি প্রার্থী শংকর ঘোষ। ঢর্ণা মঞ্চ থেকে উঠে তিনি মালাগুড়ির শ্রী সংকটমোচন হনুমান মন্দিরে গিয়ে পুজো দেন এবং সকলের মঙ্গল কামনা করেন। পুজো শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শংকর ঘোষ বলেন, “আজকের এই শুভ দিনে আমি কোনও রাজনৈতিক মন্তব্য করতে চাই না। সকলের মঙ্গল হোক, এই কামনাই করি।” ধর্মীয় আবহে দিনটি শান্তিপূর্ণভাবে কাটানোর বার্তাই দেন তিনি। এদিন তৃণমূল প্রার্থী গৌতম দেব-এর ভজন গাওয়া এবং তা তাঁকে উৎসর্গ করার প্রসঙ্গে প্রশ্ন উঠলে, সে বিষয়েও সংযত প্রতিক্রিয়া দেন শংকর ঘোষ। তিনি জানান, এই ধরনের দিনে রাজনৈতিক বিতর্কে জড়াতে চান না। তবে পরোক্ষভাবে কটাক্ষ করে তিনি বলেন, “আগামী দিনে আরও অনেক কিছুই দেখা যাবে। মানুষ সবই বুঝতে পারছেন।” নির্বাচনী আবহে তাঁর এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন জল্পনা।

