শিলিগুড়ি, ১৯ এপ্রিল :
‘অন্নপূর্ণা যোজনা’র নামে মহিলাদের ৩ হাজার টাকার ভাতার ফর্ম বিলিকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল ডাবগ্রাম–ফুলবাড়ি এলাকায়। ঘটনায় বিজেপির এক পঞ্চায়েত সদস্যকে মারধরের অভিযোগ উঠেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী। পাশাপাশি থানায় বিক্ষোভ দেখিয়েছে বিজেপি।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত দুদিন ধরে এলাকায় ওই ফর্ম বিলি করছিল বিজেপি কর্মীরা। এদিন দুই বিজেপি কর্মীকে হাতেনাতে ধরে ফেলে তৃণমূল কর্মীরা। এরপরই শুরু হয় বচসা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং দুই কর্মীকে আটক করে থানায় নিয়ে যায়।
তৃণমূলের অভিযোগ, অনুমতি ছাড়াই এলাকায় ‘অন্নপূর্ণা যোজনা’র নামে ফর্ম বিলি করা হচ্ছিল এবং ভোটারদের নাম ও ফোন নম্বর সংগ্রহ করা হচ্ছিল। সেই কারণেই তাদের আটকানো হয়।
অন্যদিকে, বিজেপির দাবি, তাদের কর্মীরা শুধুমাত্র প্রচার চালাচ্ছিলেন, কোনও ফর্ম বিলি করা হয়নি। দুই কর্মীকে আটকের প্রতিবাদে থানায় বিক্ষোভ দেখান বিজেপি প্রার্থী শিখা চ্যাটার্জী। তিনি অভিযোগ করেন, তৃণমূলের প্ররোচনাতেই পুলিশ এই পদক্ষেপ নিয়েছে।
এ বিষয়ে তৃণমূল প্রার্থী রঞ্জন শীল শর্মা-সহ স্থানীয় নেতৃত্ব নিজেদের অবস্থান স্পষ্ট করেছেন। অন্যদিকে, ধৃত বিজেপি কর্মীরাও এই ঘটনার প্রতিবাদে মুখ খুলেছেন।

