শিলিগুড়ি, ৩০ জানুয়ারী :
খড়িবাড়ির ইন্দো–নেপাল সীমান্তের পানিট্যাঙ্কি এলাকায় রুপো পাচারের বড় ছক ভেস্তে দিল কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দফতর (DRI)।বৃহস্পতিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে সীমান্তে এসএসবি ও DRI যৌথভাবে টহলদারি চালানোর সময় এক নেপালি মহিলার কাছ থেকে উদ্ধার হয় চারটি প্যাকেটে ভরা রুপোর দানা। ধৃত মহিলার নাম দেবী কলা খাড়কা। তিনি নেপালের ঝাপা জেলার বাসিন্দা। তাঁর হেফাজত থেকে প্রায় ১০ কেজি রুপো উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৬ লক্ষ টাকা।
DRI সূত্রে জানা গিয়েছে, বাগডোগরা থেকে রুপো নিয়ে নেপালে পাচারের পরিকল্পনা ছিল। জিজ্ঞাসাবাদের সময় ধৃত মহিলা এই পাচারের কথা স্বীকার করেছে বলে জানা যায়। পরে তাঁকে গ্রেফতার করে DRI। আজ ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে।
এদিকে, সীমান্ত এলাকায় পরপর দু’দিন নেপালে টাকা পাচারের চেষ্টাও বানচাল করেছে এসএসবি। প্রথম দিনে ৬ লক্ষ টাকা এবং পরের দিন প্রায় ২২ লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় মোট পাঁচজনকে আটক করা হয়েছে।

